রচনা
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘রচনা লেখো’। সংকেতসহ ৪টি রচনার শিরোনাম দেওয়া থাকবে, ১টির উত্তর লিখতে হবে। নিচে দুটি নমুনা রচনা দেওয়া হলো।
মা/ আমার মা/ আমার প্রিয় মানুষ
সূচনা: মা। ছোট্ট একটি শব্দ। অথচ এরই মাঝে লুকিয়ে আছে বিশ্বজোড়া সান্ত্বনা। মায়ের চেয়ে আপনজন এই পৃথিবীতে আর কেউ নেই। তাই তো আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ।
মা ও আমার শৈশব: শুনেছি, ভূমিষ্ঠ হওয়ার পর শীত, বর্ষা, ঠান্ডা, গরমে হাসিমুখে মা আমাকে আগলে রেখেছেন। আমার যত্ন নিতে তিনি কত রাত জেগেছেন তার কোনো হিসেব নেই। আর দিনে নানান ব্যস্ততার মাঝেও আমাকে খাইয়ে, ঘুম পাড়িয়ে যত্ন করে রেখেছেন। আর স্বপ্ন দেখেছেন আমাকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার।
অভিভাবক হিসেবে মা: কখনো আদর, কখনো শাসনে তিনি আমাকে চালিত করেন। সব সময় খোঁজখবর রাখেন। আমার সব আবদার, বায়না, প্রয়োজন, যথাসাধ্য পূরণের চেষ্টা করেন।
বন্ধু ও শিক্ষক হিসেবে: আমার মা কখনো আমার বন্ধু। কখনো আমার শিক্ষক। কীভাবে আপন করে বন্ধুর মতো আমাকে আগলে রাখেন, ভাবলে অবাক হই। তিনি আমার পড়াশোনার হাতেখড়ি দিয়ে বিদ্যালয়ের উপযোগী করে গড়ে তোলেন। এখনো যতটুকু পারেন আমার পড়াশোনায় সহযোগিতা করেন।
গৃহিণী রূপে মা: পরিবারের সবার খাওয়া, লেখাপড়া, স্বাস্থ্যের খেয়াল রাখা, স্কুলে পাঠানো, বাবার দিকে খেয়াল রাখাসহ সংসারের অন্য সব বিষয়ে নজর রেখে চলেন।
আনন্দ ও দুঃখের দিনে মা: পরিবারের যে কারোর সফলতায় তিনি খুব আনন্দ পান আবার অশুভ সংবাদ পেলে খুব দুঃখ পান।
অবসরে: বই পড়া, পত্রিকা পড়া, ধর্মীয় বই পড়া, কাঁথা সেলাই করা, আমাদের সঙ্গে গল্পগুজব করা কিংবা বেড়াতে নিয়ে যাওয়া তার নিত্য অবসরের কাজ।
উপসংহার: মহানবি হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।’ আমার মা আমার শ্রেষ্ঠ মানুষ। তাই তো বলতে হয়- মায়ের মতো আপন কেহ নাইরে...।
বাংলাদেশের পরিচিত পাখি/ পাখি/ আমার পরিচিত কয়েকটি পাখি
সূচনা: নানা রং-রূপের বৈচিত্র্যময়ী পাখিরা বাংলাদেশকে রূপময় করেছে। পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। তাই তো বাঙালি কবি পাখির দেশ বলেই তা ছন্দাকারে বর্ণনা করেছেন:
‘এ দেশ পাখির দেশ, কত পাখি আছে এই খানে;
কত রূপ! কত রঙ! কত গান সে পাখিরা জানে।’
প্রকার: বর্ণ, গঠন, আকৃতি, প্রকার মিলিয়ে বাংলাদেশে অনেক রকমের পাখি দেখা যায়।
জাতীয় পাখি: দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েলের শিস দেওয়া এবং রং-রূপ সবাইকে বিমোহিত করে।
ঝাড়ুদার পাখি: কাককে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। কবির বর্ণনায়:
‘এঁটো কাঁটা উচ্ছিষ্টের গন্ধ পেয়ে উড়ে আসে কাক,
ভোরবেলা চোখ মেলে শুনি সেই কাকদের ডাক।’
গায়ক পাখি: বসন্ত দূত কোকিল, চড়ুই, বউ কথা কও প্রভৃতি পাখির সুরেলা কণ্ঠ প্রকৃতিকে মুখরিত করে তোলে।
কথা বলা পাখি: ময়না, টিয়া, চন্দনা, কাকাতুয়া-সুদর্শন ও কথাবলা পাখি।
শিল্পী পাখি: বাবুই পাখিকে শিল্পী পাখি বলে। একে কারিগর পাখিও বলা হয়। এদের বোনা বাসা সত্যই শৈল্পিক।
নিশাচর পাখি: পেঁচা ও বাদুড় নিশাচর পাখি। রাতে এরা বের হয় এবং খাবার সংগ্রহ করে।
শিকারি পাখি: চিল, বাজ, শকুন ও বক হচ্ছে শিকারি পাখি। এরা ছোঁ মেরে শিকার ধরে বলে এদের শিকারি পাখি বলা হয়।
পোষা পাখি: কবুতর, হাঁস, মুরগি ও কোয়েল পোষা পাখি। এদের গৃহপালিত পাখিও বলে। তবে ঘুঘু, ময়না, টিয়াসহ বেশ কিছু পাখিকেও মানুষ পোষে।
অন্যান্য পাখি: ঘুঘু, কাদাখোঁচা, শামুক ভাঙ্গা, সারস, তিতির ও বালিহাঁস, টুনটুনি, বুলবুলি ও ময়ূর পাখি আমাদের প্রকৃতিকে সুন্দর করেছে।
উপকারিতা: পাখি প্রকৃতির সৌন্দর্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক পাখি ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আমাদের ফসলের শত্রুকে ধ্বংস করে।
অপকারিতা: অনেক সময় কোন কোন পাখি রোগের প্রাদুর্ভাব ঘটায়। যেমন বাদুড়। কোন কোন পাখি খেতের ফসল, ফল ইত্যাদি খেয়ে ফেলে।
উপসংহার: পাখি আমাদের প্রকৃতির এক অনন্য উপাদান। এদের সংরক্ষণ করা আমাদের কর্তব্য। এখনো পাখি আমাদের ঘুম ভাঙায়, সন্ধ্যা ডেকে আনে। তাই তো ছড়াটির সুর হূদয়ে জাগে—পাখি সব করে রব রাতি পোহাইল...।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
তত্ত্বাবধায়ক, শিশুবান্ধব পাঠশালা সুন্দরগঞ্জ, গাইবান্ধা স্বেচ্ছাসেবী শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা