বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনা
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘রচনা লেখো’। সংকেতসহ ৪টি রচনার শিরোনাম দেওয়া থাকবে, ১টির উত্তর লিখতে হবে। নিচে দুটি নমুনা রচনা দেওয়া হলো।

বাংলাদেশের নদ-নদী/ বাংলাদেশের নদী/ নদীমাতৃক বাংলাদেশ
সূচনা: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় অনেক নদী জালের মতো জড়িয়ে আছে এ দেশে। আর এই নদীর তীরে তীরে গড়ে উঠেছে অনেক নগর, অনেক জনপদ। এ কারণেই জন্মভূমির পরিচয়ে বলতে ইচ্ছে করে: ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।’
নদ-নদীর উত্পত্তি: পাহাড়-পর্বত নদ-নদীর উত্পত্তিস্থল। আমাদের দেশের বেশির ভাগ নদীর উত্পত্তিস্থল উত্তরের হিমালয় পর্বতে। এ দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীর জলরাশি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।
নদীর দৃশ্য: প্রাকৃতিক সৌন্দর্যে নদী এ দেশকে অপরূপ করে তুলেছে। বর্ষায় ভরা নদী রূপের ঝংকার বইয়ে দেয়। নদীকুলে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য অপরূপ। নদীর তীরে সাদা কাশফুল, পালতোলা নৌকা, স্রোতের কলধ্বনি হূদয়ে তোলে আলোড়ন।
নদ-নদীর পরিচয়: বর্তমান প্রায় ২৫০টি নদ-নদীর মধ্যে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, বুড়িগঙ্গা ও তিস্তা উল্লেখযোগ্য।
উপকারিতা: কৃষি, যোগাযোগ, বিদ্যুত্ উত্পাদন ও পুষ্টির চাহিদা পূরণে মত্স্য উত্পাদনে নদীর উপকারিতা অপরিসীম। নদী দিয়ে জীবন বাঁচায় জেলেরা। মরুময়তা রোধেও নদীর ভূমিকা ব্যাপক।
অপকারিতা: নদীর বন্যা কখনো কখনো ক্ষতির কারণ হয়ে ওঠে। দুকুল ভেঙে নিঃস্ব করে দেয় মানুষকে। রাস্তাঘাট, বাজার, প্রতিষ্ঠান আর জমি ভেঙে যায় প্রবল স্রোতে। মানুষ ও প্রাণিসম্পদের মৃত্যুর কারণ হয়ে ওঠে। এছাড়া বন্যায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও ঘটে থাকে।
নদী ও জীবন : নদীর তীরেই গড়ে উঠে নগর-বন্দর,হাট-বাজার আর জনপদ। তাই তো জনপদের জীবনযাপন হয়ে ওঠেছে নদীকেন্দ্রিক। এই নদীকে ঘিরেই তৈরী হয় মানুষের সুখ-দুঃখ আর স্বপ্ন। তাই তো নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি।
উপসংহার : আমাদের সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনে নদীগুলো রেখে চলেছে অমূল্য অবদান। তাই নদী সংস্কার ও নদী সংরক্ষণে আমাদের আরো সচেতন হতে হবে।

আমার প্রিয় ফুল/ বাংলাদেশের জাতীয় ফুল শাপলা
ভূমিকা: প্রতিটি দেশেরই জাতীয় কিছু বিষয় থাকে। বাংলাদেশেরও আছে। ফুলের মধ্যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
বর্ণনা: শাপলা একপ্রকার জলজ ফুল। সাধারণত বদ্ধ অগভীর জলাভূমিতে বিনা পরিশ্রমে প্রাকৃতিকভাবে শাপলা জন্মে থাকে। বাংলাদেশের সব অঞ্চলের বিল, পুকুর, ডোবা, খাল ও জলাশয়ে কমবেশি শাপলা দেখা যায়। তবে আউশ ধানের ক্ষেতে শাপলা ফুল সবচেয়ে ভালো জন্মে।
প্রকারভেদ: আমাদের দেশে তিন ধরনের শাপলা জন্মে। যথা- ১) তারকা শাপলা ২) বাতাইল শাপলা ৩) হুন্দি শাপলা। তারকা শাপলার রং নীল এবং পাপড়িগুলো তারকার মতো। বাতাইল শাপলা টুকটুকে লাল এবং হুন্দি শাপলা ধবধবে সাদা।
ফোটার সময়: বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শরত্কাল শেষ হওয়া পর্যন্ত শাপলা বেশি ফুটতে দেখা যায়।
সৌন্দর্য: পানির ওপর ফুটন্ত শাপলার সৌন্দর্য মনোমুগ্ধকর। জোছনা রাতে রুপালি চাঁদের কিরণে দোলায়মান শাপলাকে স্বপ্নময় বলে মনে হয়।
জাতীয় ফুল ও তাত্পর্য: সাদা শাপলা আমাদের জাতীয় ফুল। স্বকীয় বৈশিষ্ট্য ও মন ভোলানো রূপের জন্য বিশেষ পরিচিতি লাভ করায় শাপলাকে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। শাপলা আমাদের বাঙালি জাতির প্রাণের এবং সরল স্বভাবের সাথে মিশে আছে।
উপযোগিতা ও ব্যবহার: শাপলার সৌন্দর্য রূপ মনকে মুগ্ধ করে। গ্রামবাংলার শিশুরা শাপলার ডাঁটা দিয়ে মালা গাঁথে। এর ডাঁটা কোথাও কোথাও তরকারি হিসেবেও খেয়ে থাকে। এর ফুল দিয়ে সুস্বাদু বড়া তৈরি করা যায়। শাপলার গোড়ায় যে শালুক জন্মে, তা পুড়িয়ে অথবা সেদ্ধ করে খাওয়া যায়। ঢ্যাপ থেকে খই ও মোয়া তৈরি হয়।
উপসংহার: শাপলা আমাদের জাতীয় ফুল। এটি আমাদের ঐতিহ্যের অংশ। জলাশয়গুলো কমে যাওয়ায় শাপলা ফুল হারিয়ে যাচ্ছে। তাই শাপলা ফুলকে রক্ষা করা দরকার।
তত্ত্বাবধায়ক, শিশুবান্ধব পাঠশালা সুন্দরগঞ্জ, গাইবান্ধা
স্বেচ্ছাসেবী শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা