বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটি জায়গায় মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পেল। আশ্চর্য তার গুণ। দেখা গেল, ওই পাথরের রয়েছে লোহার টুকরাকে টেনে ধরার চমত্কার ক্ষমতা। কৌতূহলী মানুষ লোহার টুকরা সেই পাথরের কাছে নিয়ে বারবার পরখ করে দেখল। প্রতিবারই দেখা গেল অদৃশ্য কোনো এক শক্তিতে এই পাথর লোহাকে কাছে টানছে। আর লোহা পাথরের গায়ের সঙ্গে এসে লেপ্টে বসছে। পাথরের এই অদৃশ্য আকর্ষণশক্তি দেখে মানুষ বিস্মিত হলো। এভাবেই আবিষ্কৃত হলো চুম্বক পাথর। ম্যাগনেশিয়াতে এই পাথর পাওয়া গেল বলে সেই জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হলো ম্যাগনেটাইট। দণ্ড চুম্বকের ধর্ম হলো এটিকে ঝুলিয়ে দিলে তা উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। এই গুণকে কাজে লাগিয়ে পরে বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন এক মহা প্রয়োজনীয় যন্ত্র। আমরা সেই যন্ত্রকে কম্পাস বা দিগ্দর্শন যন্ত্র বলে জানি।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. চুম্বক হলো একধরনের—
ক. স্থানবিশেষ খ. অদ্ভুত পাথর গ. অদৃশ্য শক্তি ঘ. ভারী পাথর
২. ‘জ্ঞ’ যুক্তবর্ণটিতে আছে—
ক. ঞ+জ খ. ঝ+ঞ গ. জ্+ঞ ঘ. গ+ঘ
৩. পাথরটি দেখে মানুষ কৌতূহলী হয়েছিল, কারণ—
ক. পাথরটি প্রাচীন যুগের খ. পাথরটি আগুন জ্বালাতে সাহায্য করে
গ. পাথরটি দেখতে খুব সুন্দর ঘ. পাথরটির ছিল আশ্চর্য ক্ষমতা
৪. চুম্বকের যে ধর্মকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস দিগ্দর্শন যন্ত্র আবিষ্কার করেন—
ক. আকর্ষণশক্তি খ. বিকর্ষণশক্তি গ. উত্তর-দক্ষিণমুখী ঘ. দূরদর্শনশক্তি
৫. কোন জায়গায় অদ্ভুত পাথরের সন্ধান পাওয়া যায়?
ক. ম্যাগনেশিয়া খ. মালয়েশিয়া গ. ম্যাগলেশিয়া ঘ. ম্যাগনোশিয়া।

৫ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. অদ্ভুত পাথর ২. গ. জ্+ঞ ৩. ঘ. পাথরটির ছিল আশ্চর্য ক্ষমতা
৪. গ. উত্তর-দক্ষিণমুখী ৫. ক. ম্যাগনেশিয়া।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।

শব্দ শব্দার্থ
অদ্ভুত বিস্ময়কর
সন্ধান খোঁজ করা
আশ্চর্য অবাক
চমত্কার তাক লাগায় এমন
কৌতূহল জানার তীব্র ইচ্ছা
অদৃশ্য চোখে দেখা যায় না এমন

ক. ছেলেটির বুদ্ধি দেখে আমি — হলাম।
খ. গ্রামের চারদিকের দৃশ্য কী — !
গ. গন্ডার দেখতে — প্রাণী।
ঘ. অজানাকে জানতে ভাবুক ছেলেটির — ছিল।
ঙ. ডুবুরিরা ডুবে যাওয়া লঞ্চটির — করছে।

৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. আশ্চর্য খ. চমত্কার গ. অদ্ভুত ঘ. কৌতূহল ঙ. সন্ধান।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. পাথরটি দেখে মানুষ কৌতূহলী হলো কেন?
খ. অদ্ভুত পাথরটি কীভাবে আবিষ্কার করা হয়?
গ. অদ্ভুত পাথরের যে গুণ রয়েছে তা বর্ণনা করো।

৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়াতে মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পেয়েছিল। এই পাথরের আশ্চর্য কিছু গুণাগুণ ছিল। পাথরটির কাছে লোহার টুকরা নিয়ে গেলে পাথরটি লোহার টুকরাকে কাছে টেনে নিত। বারবার পাথরটির এই ক্ষমতা দেখে সবাই কৌতূহলী হলো। পাথরের এই অদৃশ্য ক্ষমতা আগে কখনো দেখেনি বলেই পাথরটি নিয়ে মানুষ এত কৌতূহলী হয়েছিল।
(খ)
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামক জায়গায় এই অদ্ভুত পাথরের সন্ধান পাওয়া যায়। কৌতূহলী মানুষ সেই পাথরটির কাছে লোহার টুকরা নিয়ে গেলে লোহার টুকরা পাথরটির গায়ে লেপ্টে যায়। পাথরটির এই গুণ মানুষকে অবাক করে দেয়। অন্য কোনো পাথরে এই গুণ লক্ষ করা যায় না। এভাবেই অদ্ভুত পাথরটি আবিষৃ্কত হয়।
(গ)
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়াতে পাওয়া অদ্ভুত পাথরটির আশ্চর্য গুণাগুণ রয়েছে। লোহার টুকরাকে পাথরটির কাছে নিলে পাথরটি লোহার টুকরাকে আকর্ষণ করে। বিজ্ঞানী আর্কিমিডিস অদ্ভুত পাথরের এই আকর্ষণশক্তিকে কাজে লাগিয়ে আবিষ্কার করেছিলেন দিকনির্দেশক যন্ত্র। পাথরটির এই অদৃশ্য শক্তির কারণেই এটি বিজ্ঞানীদের কাছে অপরিহার্য।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা