বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের কবিতাংশটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমাদের বাংলা ভাষা।
আমাদের লক্ষ প্রাণের নিত্য দিনের
দুঃখ সুখের কান্না হাসা।
হাটের মানুষ, মাঠের মানুষ,
ঘরের মানুষ, পথের মানুষ
বাংলাদেশের সব মানুষের
বুকের ভাষা।
আমাদের বাংলা ভাষা।
যে ভাষায় হূদয় মেলে
মূর্খ-জ্ঞানী, গরিব-ধনী
বণিক চাষা।
মায়ের কাছে প্রথম শেখা বুলি,
সে যে তাই হীরার কণাগুলি;
আমাদের বুকের ঘরের রত্নাধারে
কানায় কানায় ঠাসা।

আমাদের বাংলা ভাষা।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ওপরের কবিতাংশটি কোন বিষয় নিয়ে লেখা?
ক. বাংলা সাহিত্য খ. বাংলা ভাষা গ. লোকসাহিত্য ঘ. রূপকথা
২. কোনটি আমাদের দুঃখ-সুখের কান্না-হাসা?
ক. বাংলা ভাষা খ. সম্পদ গ. গাড়ি ঘ. বাড়ি
৩. মানুষ কোন ভাষায় নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে?
ক. ইংরেজি খ. ভিনদেশি গ. মাতৃভাষায় ঘ. যেকোনো ভাষায়
৪. মায়ের কাছে প্রথম শেখা বুলি কী রকম?
ক. সোনার মতো খ. হীরার মতো গ. রূপার মতো ঘ. চাঁদের মতো
৫. বাংলা ভাষা কোথায় কানায় কানায় ঠাসা?
ক. আমাদের হূদয়ে খ. আমাদের পরিবেশে
গ. আমাদের ঘরে ঘ. মাঠে-প্রান্তরে।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. বাংলা ভাষা ২. ক. বাংলা ভাষা ৩. গ. মাতৃভাষায় ৪. খ. হীরার মতো
৫. ক. আমাদের হূদয়ে।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ --শব্দার্থ
জ্ঞানী-- যিনি অনেক কিছু জানেন
বণিক --বেনে, ব্যবসায়ী
হীরা-- রত্ন, উজ্জ্বল ও মূল্যবান পাথর
রত্নাধার-- যে পাত্রে মূল্যবান মণিমুক্তা রাখা হয়
বুলি-- কথা
ক. মকবুল সাহেব — লোক।
খ. সেকালে ময়ূরপঙ্খি নাও সাজিয়ে — বাণিজ্যে যেত।
গ. ঘাসের ডগার ওপর শিশিরবিন্দু সকালের রোদে —র মতো জ্বলজ্বল করে।
ঘ. —টি কারুকাজ করা কাঠের তৈরি।
ঙ. ‘মা’ শব্দটিই শিশুর প্রথম —।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. জ্ঞানী খ. বণিক গ. হীরা ঘ. রত্নাধার ঙ. বুলি।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবি বাংলা ভাষাকে ‘বুকের ভাষা’ বলেছেন কেন?
খ. কবি কিসের সঙ্গে বাংলা ভাষার তুলনা করেছেন?
গ. মনের ভাব প্রকাশ করতে গিয়ে মাতৃভাষা আমাদের কীভাবে সাহায্য করে?
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
ভাব প্রকাশের অন্যতম স্বতঃস্ফূর্ত মাধ্যম হলো ভাষা। আমরা বাংলাদেশের মানুষ। বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। আমাদের স্বপ্ন-আশা, সুখের কথা, দুঃখের ব্যথা প্রকাশ করে থাকি। তাই কবি বাংলা ভাষাকে বুকের ভাষা বলেছেন।
(খ)
সবচেয়ে মূল্যবান রত্ন হীরার সঙ্গে কবি বাংলা ভাষার তুলনা করেছেন। হীরা যেমন মহামূল্যবান রত্ন, তেমনি মায়ের কাছে শেখা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাও মহামূল্যবান।
(গ)
প্রত্যেক মানুষেরই মনের ভাব প্রকাশের যথার্থ ও অন্যতম মাধ্যম হলো মাতৃভাষা। মাতৃভাষায় যেভাবে মানুষ মনের আকুতি, চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-সুখের কথা সঠিকভাবে ব্যক্ত করতে পারে, অন্য কোনো ভাষায় তা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ। আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের জীবনে সুখ আছে, দুঃখ আছে, আছে নানা চাওয়া-পাওয়া, স্বপ্ন-আশা। এসবই আমরা প্রকাশ করে থাকি আমাদের মাতৃভাষায়। এভাবে আবেগ-অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে মাতৃভাষা আমাদের সাহায্য করে থাকে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা