পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। অন্যদিকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারেই শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। গাছপালা আরও একভাবে আমাদের বাঁচতে সাহায্য করে। সেটা হলো, গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগানদার।
কেবল সৌন্দর্যের পরিবেশ নয়, মানুষের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। ঝড়, বৃষ্টি ও বন্যা প্রতিরোধেও গাছপালা সহায়তা করে। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠেছে: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’। আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ওপরের অনুচ্ছেদটি কোন বিষয় নিয়ে লেখা?
ক. পরিবেশ খ. গাছপালা গ. অরণ্য ঘ. পাহাড়
২. গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
৩. অক্সিজেন শব্দটির ‘ক্স’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. ক্+স খ. ক্+র গ. স্+ক ঘ. ক্+ষ
৪. গাছপালা ও বনভূমি বেশি হলে কী হয়?
ক. বৃষ্টি খ. খরা গ. ঝড় ঘ. বন্যা
৫. গাছপালা না থাকলে পরিবেশ কেমন হতো?
ক. শীতল খ. নাতিশীতোষ্ণ গ. উষ্ণ ঘ. গরম।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. গাছপালা ২. খ. কার্বন ডাই-অক্সাইড ৩. ক. ক্+স ৪. ক. বৃষ্টি ৫. গ. উষ্ণ।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ-- শব্দার্থ
অস্তিত্ব-- থাকার অবস্থা/বিদ্যমানতা
সৌন্দর্য --সুন্দর
বন্ধু --সুহূদ
অনিবার্য --এড়ানো যায় না এমন
পরিবেশ --প্রকৃতি
ক. গাছপালা আমাদের প্রকৃত —।
খ. — রক্ষায় গাছপালার জুড়ি নেই।
গ. অক্সিজেন না থাকলে প্রাণীর মৃত্যু —।
ঘ. গাছপালা না থাকলে মানুষের — হতো বিপন্ন।
ঙ. গাছপালা পরিবেশের — বৃদ্ধি করে।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. গাছপালা আমাদের প্রকৃত বন্ধু।
খ. পরিবেশ রক্ষায় গাছপালার জুড়ি নেই।
গ. অক্সিজেন না থাকলে প্রাণীর মৃত্যু অনিবার্য।
ঘ. গাছপালা না থাকলে মানুষের অস্তিত্ব হতো বিপন্ন।
ঙ. গাছপালা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. গাছপালাকে পরম বন্ধু বলার পাঁচটি কারণ উল্লেখ করো।
খ. প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?
গ. গাছপালা না থাকলে কী হতো? আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান কী?
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
গাছপালাকে পরম বন্ধু বলার পাঁচটি কারণ নিচে দেওয়া হলো—
১. গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। ২. গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশকে নির্মল করে। ৩. প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরি করে। ৪. গাছপালা ও বনভূমি বেশি হলে বৃষ্টি বেশি হয়। ৫. গাছপালা আমাদের খাদ্যের জোগান দিয়ে থাকে।
(খ)
প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অনস্বীকার্য। বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছেড়ে দিই। অন্যদিকে গাছপালা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয়। সুতরাং মানুষের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরিতে গাছপালার অবদান অপরিসীম। গাছপালা থাকলে ঝড়, বন্যা কম হয় এবং পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অনস্বীকার্য।
(গ)
গাছপালা না থাকলে পৃথিবীর পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী মরুভূমি হয়ে যেত। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠেছে: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা