১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
৫. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
শুনব আমি, ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
শুনব আমি, ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠ্ব আমি আকাশ ফুঁড়ে;
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ. কবিতার অংশটুকু ‘সংকল্প’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ. পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরীও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে, তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চান। পাতালের অজানা রহস্য সম্পর্কে জেনে কৌতূহল মেটাতে চান।
৬. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির
গাছে ডাকে শত পাখি সারা দিনভর
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গরু ডাকে হাঁস ডাকে—ডাকে কবুতর
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. প্রতিদিন ভোরে ও নিশিরাতে কার ডাক শোনা যায়?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
গরু ডাকে হাঁস ডাকে—ডাকে কবুতর
গাছে ডাকে শত পাখি সারা দিনভর।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।
খ. কবিতার অংশটুকু ‘শব্দদূষণ’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম সুকুমার বড়ুয়া।
ঘ. প্রতিদিন ভোরে মোরগের ডাক ও নিশিরাতে কুকুরের ডাক শোনা যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা