বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ/কবিতাংশ থেকে। আজ থাকছে গদ্যাংশের অনুচ্ছেদ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।

বাংলাদেশে চাকমা, গারো, সাঁওতাল ইত্যাদি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে ষ ছবি: সুপ্রিয় চাকমা
বাংলাদেশে চাকমা, গারো, সাঁওতাল ইত্যাদি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে ষ ছবি: সুপ্রিয় চাকমা

# নিচের অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে—চাকমা, গারো, মারমা, রাখাইন, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের। দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উত্সব একান্তই তাদের নিজেদের। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। আমরা যারা এ দেশে বাস করি, তাদের সবার গৌরব। কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। ধর্মের কথাই ভাবা যাক। আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান রয়েছে, এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই আছে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. অনুচ্ছেদটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?
ক. এই দেশ এই মানুষ খ. বাঙালি গ. ক্ষুদ্র জাতিগোষ্ঠী ঘ. বাংলাদেশের প্রকৃতি
২. ‘সুনাম আছে যার’ এক কথায় কী বলে?
ক. সুনামী খ. সম্মানী গ. সুখ্যাতি ঘ. গৌরব
৩. বাংলাদেশের বৈচিত্র্যের কারণ কী?

ক. উপজাতিদের বসবাস খ. মুসলমানদের বসবাস
গ. বিভিন্ন সম্প্রদায়ের বসবাস ঘ. বিভিন্ন সম্প্রদায়ের মিলেমিশে বসবাস
৪. কাদের আনন্দের উত্সব তাদের নিজেদের?
ক. চাকমা খ. সনাতন ধর্মাবলম্বী গ. গারো ঘ. ক্ষুদ্র জাতিগোষ্ঠী
৫. বাংলাদেশের গৌরব হলো—
ক. এ দেশে নানা ভাষা-সংস্কৃতির লোক আছে খ. অনেক সুখ্যাতি আছে
গ. সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি ঘ. সংখ্যালঘু মানুষ উপজাতি।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. এই দেশ এই মানুষ
২. গ. সুখ্যাতি
৩. ঘ. বিভিন্ন সম্প্রদায়ের মিলেমিশে বসবাস
৪. ঘ. ক্ষুদ্র জাতিগোষ্ঠী
৫. ক. এ দেশে নানা ভাষা-সংস্কৃতির লোক আছে।

২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
ক. সংখ্যাগরিষ্ঠ খ. দৈনন্দিন গ. বৈচিত্র্য ঘ. সুখ্যাতি ঙ. গৌরব।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. সংখ্যাগরিষ্ঠ— সংখ্যায় সবচেয়ে বেশি এমন।
খ. দৈনন্দিন— প্রতিদিনের
গ. বৈচিত্র্য— বিভিন্নতা।
ঘ. সুখ্যাতি— সুনাম।
ঙ. গৌরব— মর্যাদা।

৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
ক. বাংলাদেশের গৌরব কিসে?
খ. ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি’—কথাটি বুঝিয়ে লেখো।
গ. বাংলাদেশ আমাদের কাছে এত বৈচিত্র্যময় কেন?
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও এ দেশে নানা জাতি-ধর্মের লোক বাস করে। এদের প্রত্যেকের ভাষা, জীবনযাপন, আনন্দ-উত্সব একেবারেই আলাদা। দেশ একটাই, কিন্তু ভাষা, ধর্ম, সংস্কৃতি ও জনজীবনে রয়েছে বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যই হলো বাংলাদেশের গৌরব।
(খ)
বাংলাদেশের অধিকাংশ মানুষ বাঙালি। এ দেশে বাঙালি ছাড়াও চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, খাসি ইত্যাদি ক্ষুদ্র জাতির মানুষ বাস করে। তবে বাঙালিদের তুলনায় তাদের সংখ্যা খুবই কম। তাই বলা হয়ে থাকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি।
(গ)
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও এ দেশে নানা ক্ষুদ্র্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উত্সব একেবারেই আলাদা। এ ছাড়া মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা ধর্মের লোকও এ দেশে রয়েছে। নানা ধর্ম-বর্ণের মানুষের জীবনযাপন ও উত্সব-আনন্দের ভিন্নতার কারণেই বাংলাদেশ আমাদের কাছে এত বৈচিত্র্যময়।

৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। এ ছাড়া এ দেশে ক্ষুদ্র ক্ষুদ্র নানা জাতিগোষ্ঠীর লোক বাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উত্সবও ভিন্ন। তবুও জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে সবাই এ দেশে মিলেমিশে বসবাস করছে। একই দেশের এই বৈচিত্র্যময়তাই আমাদের গর্ব। এ রকম বৈচিত্র্য বিশ্বের অন্য কোনো দেশে খুব কমই দেখা যায়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা