বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ অথবা কবিতাংশ থেকে। আজ থাকছে গদ্যাংশের অনুচ্ছেদ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
কোনো দেশে যেসব জীবজন্তু পশুপাখি দেখা যায় সেসব প্রাণী সেই দেশের অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি সবকিছু মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণিকুল জীবনধারণ করে থাকে। বাংলাদেশের সুন্দরবন প্রাণিকুলের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে রয়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। সুন্দরবনে একসময় চিতাবাঘ ও গণ্ডারও ছিল প্রচুর, কিন্তু এখন তা সম্পূর্ণ অবলুপ্ত। পৃথিবীতে বর্তমানে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বাঘ হিংস্র প্রাণী, এরা অন্যান্য জীবজন্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ক্ষুধার্ত হলে এরা মানুষকেও আক্রমণ করে। তথ্য হিসেবে সবই সত্য কথা। কিন্তু তা সত্ত্বেও প্রাণিবিদরা বলছেন যে, বাঘ সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী। বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে এখন তাঁরা চিন্তিত। ফলে, আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমাদের দেশেই নয়, অন্য যেসব দেশে বাঘ রয়েছে, সেসব দেশেও বাঘ শিকার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে বাঘ এখন বিলুপ্তপ্রায় প্রাণী—এ কথা সকলেই বলছেন এবং সে জন্য সকলেই চিন্তিত। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। তাকে ধ্বংস করতে নেই, ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়। ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীতে সবাই জানে, এবং জানে যে এই টাইগার বেঙ্গলে, অর্থাত্ শুধু বাংলাদেশেই দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে?

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ওপরের অনুচ্ছেদটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?
ক. সুন্দরবনের প্রাণী খ. মানুষ ও জীবজন্তু গ. বাঘ ঘ. শুধু জীবজন্তু
২. বাংলাদেশের জাতীয় পশু কোন প্রাণী?
ক. রয়্যাল বেঙ্গল টাইগার খ. সিংহ গ. হাতি ঘ. গণ্ডার
৩. প্রাণীবিদরা চিন্তিত যে কারণে—
ক. গণ্ডার বিলুপ্ত হওয়ায় খ. শকুন বিলুপ্ত হওয়ায়
গ. বাঘের সংখ্যা কমে যাওয়ায় ঘ. বাঘ শিকার করায়
৪. ‘বিলুপ্তপ্রায়’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ধ্বংস হয়ে যাচ্ছে এমন খ. ধ্বংস হয়ে গেছে এমন
গ. যার ধ্বংস নেই ঘ. কখনো ধ্বংস হয় না এমন
৫. প্রকৃতিকে ধ্বংস করলে কী হয়?
ক. পরিবেশের ভারসাম্য রক্ষা হয় খ. পরিবেশের ভারসাম্য নষ্ট হয়
গ. জীববৈচিত্র্য বেড়ে যায় ঘ. জলাভূমির সৃষ্টি হয়।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. সুন্দরবনের প্রাণী; ২. ক. রয়্যাল বেঙ্গল টাইগার; ৩. গ. বাঘের সংখ্যা কমে যাওয়ায়; ৪. ক. ধ্বংস হয়ে যাচ্ছে এমন; ৫. খ. পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
ক. নিষিদ্ধ খ. দণ্ডনীয় গ. বিলুপ্তপ্রায় ঘ. বৃক্ষলতা ঙ. ধ্বংস
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. নিষিদ্ধ—যা নিষেধ করা হয়েছে খ. দণ্ডনীয়—শাস্তি পাওয়ার যোগ্য।
গ. বিলুপ্তপ্রায়—প্রায় বিলীন ঘ. বৃক্ষলতা—গাছপালা; ঙ. ধ্বংস—বিনাশ।
৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
ক. কোন প্রাণী একমাত্র বাংলাদেশেই দেখা যায়? একে কীভাবে রক্ষা করা যায়?
খ. সব প্রাণী, বৃক্ষলতা পরিবেশের জন্য প্রয়োজনীয় কেন?
গ. বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে কেন?
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
একমাত্র বাংলাদেশেই দেখা যায় যে প্রাণীটি সেটি হচ্ছে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’। সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সজাগ দৃষ্টি ও সচেতনতা থাকলে একে অবশ্যই রক্ষা করা সম্ভব।
(খ)
পৃথিবীর সব প্রাণী, গাছপালা নিয়েই আমাদের পরিবেশ। এর মধ্য থেকে যদি কোনো প্রাণী, গাছপালা হারিয়ে যায়, তবে আমাদের পরিবেশ ভারসাম্য হারাবে। এর ফলে আমাদের পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে। এ জন্য সব প্রাণী, গাছপালা পরিবেশের জন্য একান্ত প্রয়োজনীয়।
(গ)
প্রাণীজগতের বিভিন্ন প্রাণীর মধ্যে বাঘ অন্যতম। প্রকৃতির বিভিন্ন প্রাণীর মতো বাঘও দিনে দিনে কমে যাচ্ছে। প্রাণীবিদরা বলেন, বাঘ হিংস্র হলেও সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী। এ জন্য বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
সুন্দরবনে রয়েছে নানা ধরনের প্রাণী। অনেক প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। বাঘের সংখ্যাও কমে গেছে। জীববৈচিত্র্য রক্ষায় হিংস্র প্রাণীরাও আমাদের অনেক উপকার করে। কিন্তু বর্তমানে এরা বিলুপ্তির পথে। প্রাণীবিদেরা এ নিয়ে খুবই চিন্তিত। এ জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকার বাঘ শিকার নিষিদ্ধ করেছে। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারসহ অন্য সব প্রাণীকে আমাদের রক্ষা করতে হবে। এদের ধ্বংস করলে প্রকৃতির নিয়মকেই ধ্বংস করা হয়। কেননা, প্রাণী ও গাছপালা সবই আমাদের পরিবেশের জন্য অপরিহার্য।