বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ অথবা কবিতাংশ থেকে। আজ থাকছে গদ্যাংশের অনুচ্ছেদ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।

.
.

# প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
একদিন বন থেকে তাড়া খেয়ে মস্ত একটা হাতি ঢুকে পড়ল অন্য একটা বনে। হাতিটার শরীর সে কী বিশাল। হাতিটা এমন ভাব করতে শুরু করল, সে-ই বুঝি বনের রাজা। শক্তিধর সিংহও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘমামাও হাতিটার ধারেকাছে ঘেঁষতে চায় না। একদিন নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে। ক্ষুদ্র ও নিরীহ প্রাণীর ওপর শুরু হলো অত্যাচার। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও দুর্বিনীত, আরও অহংকারী। হাতির এমন অত্যাচারে বনের সব প্রাণী শঙ্কিত এবং অতিষ্ঠ হয়ে উঠল। অবশেষে বনের সবচেয়ে চালাক প্রাণী শিয়ালের ওপর পড়ল দুষ্ট হাতিটাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব। যা করার সে-ই করবে। দিন আসে, দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। সালাম দিয়ে বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনি আমাদের রাজা, সবাই এ কথা জানে। আপনাকে রাজা হিসেবে সবাই বরণ করে নিতে চায়। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে। হাতি শিয়ালের কথা শুনে মহাখুশি। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি। আপনিও আসুন। নদীর তীর ছিল বালুকাময়। যেই না হাতিটা নদীর পানিতে পা দিয়েছে, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. বিশাল শরীর কোন প্রাণীর?
ক. মানুষের খ. শিয়ালের গ. ভালুকের ঘ. হাতির
২. কার ভাবভঙ্গিমায় ফুটে উঠল সে বনের রাজা?
ক. সিংহের খ. বাঘের গ. শিয়ালের ঘ. হাতির
৩. বনের রাজত্ব ছিল কাদের হাতে?
ক. পশুদের হাতে খ. পাখিদের হাতে গ. মানুষের হাতে ঘ. হাতিদের হাতে
৪. বনের সবচেয়ে চালাক প্রাণী কে?
ক. হাতি খ. শিয়াল গ. পিঁপড়া ঘ. মানুষ
৫. দুষ্ট হাতি কার কাছে শিক্ষা পেল?
ক. শিয়ালের কাছে খ. মানুষের কাছে গ. হরিণের কাছে ঘ. বানরের কাছে
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ঘ. হাতির ২. ঘ. হাতির ৩. ক. পশুদের হাতে ৪. খ. শিয়াল ৫. ক. শিয়ালের কাছে।
২। শব্দার্থ লেখো: ক. অতিকায় খ. শঙ্কিত গ. অতিষ্ঠ ঘ. নিরীহ ঙ. সভা।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. অতিকায়—প্রকাণ্ড ; খ. শঙ্কিত—ভীত গ. অতিষ্ঠ—উত্ত্যক্ত;
ঘ. নিরীহ—শান্ত; ঙ. সভা—বৈঠক।
৩। প্রশ্নের উত্তর লেখো।
ক. হাতির কী শিক্ষা হলো? খ. বনের পশুরা সবাই শঙ্কিত কেন?
গ. ‘দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও দুর্বিনীত’—বুঝিয়ে লেখো।
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
হাতিটা ছিল অত্যাচারী। শিয়ালের কথায় হাতিটা নদীর দিকে পা বাড়াল। কিন্তু নদীর চোরাবালিতে আটকে হাতিটা পানিতে ডুবে গেল।
(খ)
একদিন অন্য বন থেকে একটা হাতি এসে বনে প্রবেশ করল। হাতিটার শরীর ছিল বিশাল। বনে প্রবেশ করেই হাতিটা তার শক্তির অহংকার দেখাল। একদিন শুঁড়ে জড়িয়ে একটা হরিণকে ছুড়ে ফেলে দিল। হাতিটার এ রকম অত্যাচারের কারণে বনের পশুরা শঙ্কিত হলো।
(গ)
অনেক দিন আগে তাড়া খেয়ে একটা হাতি অন্য একটা বনে প্রবেশ করল। তার শক্তিও ছিল অনেক। কিন্তু হাতিটা ছিল অহংকারী আর অত্যাচারী। বনে ঢুকেই হাতিটা তোলপাড় শুরু করল। বনের প্রাণীরা সবাই ভয়ে শঙ্কিত হলো। তাই ভয়ে বনের প্রাণীরা হাতিটার কাছে যায় না। পশুরা তাকে সমীহ করে। এ সুযোগে হাতিটা আরও দুর্বিনীত হয়ে উঠল।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
বনে সব প্রাণী শান্তিতেই ছিল। হঠাত্ এক বিশাল হাতি এসে বন কাঁপিয়ে তুলকালাম বাধায়। হাতির অত্যাচারে অতিষ্ঠ সবাই। বনের সবাই হাতিকে শায়েস্তা করতে দায়িত্ব দিল শিয়ালকে। শিয়াল বুদ্ধি করে নদীর চোরাবালিতে হাতিকে ফেলে দিল।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা