বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-সম্পৃক্ত অনুচ্ছেদ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবই-সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ অথবা কবিতাংশ থেকে। আজ থাকছে গদ্যাংশের অনুচ্ছেদ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।

.
.

# প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা। খুলনার দিকে ধেয়ে আসছে তারা। ভৈরব নদ বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদ সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে মৃত্যু হলো তাঁর। নদের তীরে তখন রাজাকার-আলবদররা অবস্থান করছিল। তারাই তাঁকে নির্মমভাবে হত্যা করে। তিনি শহিদ হন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. খুলনা দখল করার লক্ষ্য কাদের ছিল?
ক. মুক্তিযোদ্ধাদের খ. রাজাকারদের গ. পাকিস্তানি হানাদার বাহিনীর ঘ. আল-শামসদের
২. মুক্তিযোদ্ধাকে খতম করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী—
ক. জাহাজের ওপর বোমা নিক্ষেপ করে খ. রাজাকারদের ইন্ধন জোগায়
গ. গুলিবর্ষণ করে ঘ. জাহাজে আগুন ধরিয়ে দেয়
৩. কোন তারিখটিকে আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করি?
ক. ৫ সেপ্টেম্বর খ. ১০ ডিসেম্বর গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৫ ডিসেম্বর
৪. রুহুল আমিন কাদের হাতে শহিদ হন?
ক. পাকিস্তানি বাহিনী খ. পাকিস্তানি সৈন্য গ. আল-শামস ঘ. রাজাকার, আলবদর
৫. ১৯৭১ সালে দেশের শত্রু হয়ে যারা পাকিস্তানি বাহিনীর দোসর সেজেছিল, তাদের এক কথায় কী বলে?
ক. আলবদর খ. আল-শামস গ. রাজাকার ঘ. খুনি।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. মুক্তিযোদ্ধাদের ২. ক. জাহাজের ওপর বোমা নিক্ষেপ করে ৩. খ. ১০ ডিসেম্বর ৪. ঘ. রাজাকার, আলবদর ৫. গ. রাজাকার।
২। শব্দার্থ লেখো।
ক. নিদ্রা খ. নির্মম গ. দখল ঘ. শায়িত ঙ. মুক্তিযোদ্ধা।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. নিদ্রা—ঘুম
খ. নির্মম—নিষ্ঠুর
গ. দখল—অধিকার
ঘ. শায়িত—শুয়ে আছে এমন
ঙ. মুক্তিযোদ্ধা—দেশের মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেন।
৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
ক. ‘মুক্তিযুদ্ধ’ বলতে তুমি কী বোঝো?
খ. রুহুল আমিন কোন নৌজাহাজ নিয়ে নদ বেয়ে খুলনার দিকে আসছিলেন? নদের নাম কী?
গ. রুহুল আমিন কীভাবে শহীদ হন?
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
পাকিস্তান সরকারের শাসনামলে বাংলাদেশের মানুষ সবদিক থেকে অধিকারবঞ্চিত, শোষিত, নিপীড়িত, নির্যাতিত হতে থাকে। দেশের জনগণ এই শোষণ-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে অধিকার প্রতিষ্ঠায় বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়ে। ১৯৭১ সালে বাঙালিরা স্বাধীনতা অর্জনের জন্য যে যুদ্ধ করে তাই মুক্তিযুদ্ধ।
(খ)
রুহুল আমিন বিএনএস পলাশ ও পদ্মা নামে দুটি নৌজাহাজ নিয়ে নদ বেয়ে খুলনার দিকে আসছিলেন। নদের নাম ছিল ভৈরব।
(গ)
রুহুল আমিন যে নৌজাহাজে করে খুলনার দিকে আসছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী সেই নৌজাহাজে বোমা হামলা করে। রুহুল আমিন নদে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। নদের তীরে রাজাকার-আলবদররা অবস্থান করছিল। তারাই তাঁকে নির্মমভাবে হত্যা করে। বোমার হাত থেকে রক্ষা পেয়েও রাজাকারের হাতে শহিদ হন তিনি।
৪. অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
মুক্তিযুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে রুহুল আমিন খুলনা দখলের জন্য নৌজাহাজ নিয়ে ভৈরব নদ বেয়ে আসছিলেন। পাকিস্তানি বাহিনী জাহাজে বোমা নিক্ষেপ করলে তিনি নদে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে ওঠেন। সেখানে রাজাকার, আলবদররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। খুলনা শিপইয়ার্ডের কাছেই এই বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা