>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
২১. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
খ. কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। তাই আমরা সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করে থাকি।
২২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো। তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
মোদের দাও গো বলি
তোমারি সকাশে যাচি হে শকতি
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কোন পথে চলতে চাই না? কেন?
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি’
খ. কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. যে পথ ভালো নয় যে পথ চির অভিশাপের, যে পথ ভুল, যে পথ চির পরিতাপের সে পথে আমরা চলতে চাই না।
সত্য ও সুন্দর পথ আমাদের সবারই কাম্য। কিন্তু এই কল্যাণ ও মঙ্গলময় পথের পাশাপাশি অভিশপ্ত আর পরিতাপের পথও রয়েছে। এই ভুল পথে একবার প্রবেশ করলে দুঃখের সীমা থাকে না। জীবনে নেমে আসে গভীর শোক ও দুঃখ। আমরা এ রকম জীবন কামনা করি না। তাই আমরা অভিশাপ ও অশান্তির পথে চলতে চাই না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা