
পাঠ্যবইয়ের গদ্যাংশ: ঘাসফুল
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের গদ্যাংশ অথবা কবিতাংশ থেকে। আজ দেওয়া হলো কবিতাংশ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।
# প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা।
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
ক. ঘাসফুল হাওয়ায় কী করে?
১. সুবাস ছড়ায় ২. মাথা দোলায়
৩. কেশ দোলায় ৪. হাত দোলায়
খ. ঘাসফুলের পাতা কেমন?
১. শক্ত ২. নরম ৩. সাদা ৪. কালো
গ. ঘাসফুল কার সাথে হেসে ওঠে?
১. সূর্যের ২. চাঁদের ৩. বাতাসের ৪. মানুষের
ঘ. ‘ধরা’ বলতে কী বোঝানো হয়েছে—
১. সূর্য ২. পৃথিবী ৩. তারা ৪. আকাশ
ঙ. ঘাসফুল মাথা নাড়ায় কীভাবে?
১. দুলে দুলে ২. হেসে হেসে ৩. ভেসে ভেসে ৪. উড়ে উড়ে।
১ নম্বর প্রশ্নের উত্তর
ক. ২. মাথা দোলায়; খ. ২. নরম; গ. ১. সূর্যের; ঘ. ২. পৃথিবী;
ঙ. ১. দুলে দুলে।
২। শব্দার্থ লেখো।
দোলাই মাথা, কিরণ, ধরা, পৃথিবী, তারারা, ফোটে।
২ নম্বর প্রশ্নের উত্তর
দোলাই মাথা—মাথা নাড়াই; কিরণ—আলো; ধরা—পৃথিবী;
তারারা— আকাশের তারকারাজি; ফোটে—ফুটে ওঠে।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. হাওয়ায় কারা মাথা দোলাচ্ছে?
খ. ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে?
গ. ঘাসফুল কার সঙ্গে নিজেকে তুলনা করেছে? কীভাবে তুলনা করেছে?
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
ঘাসের ছোট ছোট ফুল হাওয়ায় মাথা দোলাচ্ছে।
(খ)
ঘাসফুল হলো ঘাসের ছোট ছোট ফুল। ওরা প্রকৃতির বুকে পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্যের আলোয়।
ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল আমাদের কাছে সেই মিনতি করছে। কারণ, ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। তাই ঘাসফুল আমাদের কাছে এই মিনতি করছে।
(গ)
পৃথিবীর বুকে যত আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তার সঙ্গেই ঘাসফুল নিজেকে তুলনা করেছে। ঘাসফুলের মতে, ধরার বুকের স্নেহ-কণাগুলিই আসলে প্রকৃতিতে ঘাস হয়ে ফুটে ওঠে। আর ঘাসফুল হচ্ছে তারই লাল, নীল, সাদা হাসির বর্ণচ্ছটা, যা রূপকথার নীল আকাশের মায়াবী বাঁশির সুমধুর সুরের মতো জীবনকে ছন্দে-আনন্দে ভরে তোলে। ঘাসফুল এভাবেই নিজের বিশেষত্ব ও বৈশিষ্ট্য ব্যক্ত করে ধরার বুকের স্নেহ-কণার সঙ্গে নিজেকে তুলনা করেছে।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
ঘাসফুল জীবনকে উপভোগ করছে। বেঁচে আছে আনন্দে। ছিঁড়ে কিংবা পায়ের নিচে পিষে ফেলে ফুলকে কষ্ট দেওয়া ঠিক নয়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা