পাঠ্যবইয়ের গদ্যাংশ: দেখে এলাম নায়াগ্রা
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের গদ্যাংশ অথবা কবিতাংশ থেকে। আজ দেওয়া হলো গদ্যাংশ-সম্পৃক্ত প্রশ্নোত্তর।
# নিচে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে, তবে আকারে-প্রকারে অনেক বিশাল। ঝরনা ছোট, আর জলপ্রপাত বড়—এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দুই জায়গাতেই ঘটছে। জল যদি না-ই পড়ে, তা হলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ছে, পড়ে যাচ্ছেটা কোথায়? জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া। ঝরনার জলও গড়াতে গড়াতে ক্রমেই নদী হয়ে যায়। এখন অন্য কথায় আসি। জলপ্রপাত দেখতে চাইব, কিন্তু পাহাড় দেখব না—একি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ, পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই। কিন্তু এমন জলপ্রপাত কি হতে পারে না, যা পাহাড়ের ওপর থেকে পড়ছে না? আমাদের কাণ্ডজ্ঞান বলবে—না, পাহাড় থেকেই পড়তে হবে, নইলে জলের প্রপাত বা পতন হবে কেমন করে?
কিন্তু বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সে যে কী বিস্ময়কর, বলে কাউকে বোঝানো সম্ভবই নয়। একমাত্র নিজের চোখে দেখলে তা বিশ্বাস হবে। ব্যাপারটা এ রকম। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। সামনের সবকিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু কই? কিছুই তো ভাসছে না! ভাসছে না, তার কারণ—যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল। দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক।
একটা নদী যতখানি চওড়া হতে পারে, ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। এটাও তো প্রপাত, কারণ পানি পড়ছে। তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়?
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
ক. নায়াগ্রা মূলত কী?
১. একটি পাহাড় ২. একটি স্থান ৩. একটি খরস্রোতা নদী ৪. সমতল ভূমি
খ. ‘পতন’ অর্থ কী?
১. গর্তে পড়া ২. নিচে পড়া ৩. পাশে পড়া ৪. উপচে পড়া
গ. নিচের কোনটি বড়ই বিচিত্র?
১. পাহাড় ২. সমতল ভূমি ৩. মেঘ ৪. ভূমণ্ডল
ঘ. পৃথিবীর সবচেয়ে বৃহত্ জলপ্রপাত কোনটি?
১. নায়াগ্রা ২. মাধবকুণ্ড ৩. এভারেস্ট ৪. ভিক্টোরিয়া
ঙ. নায়াগ্রার পানি কোথায় পড়ে?
১. সমুদ্রে ২. নদীতে ৩. পাহাড়ে ৪. বিশাল ফাটলের গহ্বরে।
১ নম্বর প্রশ্নের উত্তর
ক. ৩. একটি খরস্রোতা নদী, খ. ২. নিচে পড়া, গ. ৪. ভূমণ্ডল,
ঘ. ১. নায়াগ্রা, ঙ. ৪. বিশাল ফাটলের গহ্বরে।
২। শব্দার্থ লেখো।
বিস্ময়কর, পতন, বিশ্ব-ভূমণ্ডল, গহ্বর, প্রবাহিত
২ নম্বর প্রশ্নের উত্তর
বিস্ময়কর—আশ্চর্যজনক, পতন—নিচে পড়া, বিশ্ব-ভূমণ্ডল—জগত্, গহ্বর—গর্ত, প্রবাহিত—বয়ে যাওয়া।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. জলপ্রপাতের কথা কোথায় পড়েছ? জলপ্রপাত কী?
খ. নায়াগ্রার বিশেষত্ব কী?
গ. নায়াগ্রার জল কোথায় যায়?
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
আমাদের পাঠ্য ‘আমার বাংলা বই’-এ অন্তর্ভুক্ত ‘দেখে এলাম নায়াগ্রা’ শীর্ষক ভ্রমণকাহিনিতে জলপ্রপাতের কথা পড়েছি। পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়াকে বলা হয় জলপ্রপাত।
(খ)
সাধারণত ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি বিশাল আকারে নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়াকে বলা হয় জলপ্রপাত। কিন্তু নায়াগ্রা জলপ্রপাত সে রকম নয়। নায়াগ্রা হচ্ছে সমতলের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি খরস্রোতা নদীর মতো। যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে একটি জায়গায় রয়েছে এক বিশাল ফাটল—দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতর দিয়ে চলে যাচ্ছে কোনো এক অজানা স্থানে। নায়াগ্রা সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল এক ফাটলের গহ্বরে। এটাই নায়াগ্রার বিশেষত্ব।
(গ)
সাধারণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে নদী হয়ে বয়ে যায়। আর সেই নদী অন্য নদীর সঙ্গে মিশে সাগরে মিশে যায়। কিন্তু নায়াগ্রার জল পাহাড় থেকে তো পড়ছেই না, পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। তারপর সেই জল ফাটলের মধ্যে পড়ে কোথায় যাচ্ছে, কেউ তা জানে না।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর
নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর বৃহত্ জলপ্রপাত। সাধারণত পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়াকে জলপ্রপাত বলা হয়ে থাকে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাত একটু ভিন্ন প্রকৃতির। এই জলপ্রপাত পাহাড়ের ওপর থেকে নামেনি। খরস্রোতা নদীর মতো বয়ে গিয়ে পানির ধারা পড়ছে সমতল থেকে বিশাল এক ফাটলের গর্তে। এই পানি ফাটলের মধ্যে পড়ে কোথায় যাচ্ছে তা অজানাই থেকে যাচ্ছে।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা