
সংকল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘সংকল্প’ কবিতা থেকে শব্দার্থ ও প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
সংকল্প প্রতিজ্ঞা, ইচ্ছা।
বদ্ধ বন্ধ।
যুগান্তর এক যুগ পর আরেক যুগ।
দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ।
কিসের নেশায় কী আকর্ষণে, কী উদ্দেশ্যে।
বরণ কোনো কিছু সাদরে গ্রহণ।
মরণ-যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা।
ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে।
দুঃসাহসী অত্যধিক সাহসী।
চন্দ্রলোক চাঁদের দেশ।
অচিনপুর অচেনা জায়গা।
ফেড়ে চিরে।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। সংকল্প, বদ্ধ, যুগান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, অচিনপুর, ফেড়ে।
উত্তর:
প্রদত্ত শব্দ বাক্য রচনা
সংকল্প: ভালো কাজ করার জন্য দৃঢ় সংকল্প থাকা দরকার।
বদ্ধ: আলো-বাতাস ঢোকে না—এমন বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যকর নয়।
কিসের নেশায়: আকমল কিসের নেশায় এমন ছোটাছুটি করছে?
বরণ: পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই।
মরণ-যন্ত্রণা: যারা সাহসী, তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।
ডুবুরি: ডুবুরি মেঘনা নদীর গভীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছে।
দুঃসাহসী: দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
অচিনপুর: দাদু আমাকে অচিনপুরের রাজকন্যার গল্প শুনিয়েছেন।
ফেড়ে: কাঠুরে কুড়াল দিয়ে কাঠ ফেড়ে ফেলল।
প্রশ্ন: সংকল্প কবিতার মূলভাব লেখো।
উত্তর: সংকল্প কবিতার মূলভাব নিচে লেখা হলো:
কিশোর মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। বুঝতে চায় কেন মানুষ অসীমে, অতলে, অন্তরীক্ষে ছুটছে। বীর কেন জীবন বিপন্ন করে মৃত্যুকে বরণ করছে। সে আরও জানতে চায়, ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছে। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীর সবকিছুকে ঘুরেফিরে দেখবে।
প্রশ্ন: কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
উত্তর: অজানাকে জানার, অদেখাকে দেখার কৌতূহল মানুষের চিরন্তন। কবিও এর ব্যতিক্রম নন। তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। কারণ, তিনি জগতের সব রহস্য জানতে চান। তিনি জানতে চান, সারা বিশ্বের মানুষ যুগ যুগ ধরে কীভাবে নিত্যনতুন আবিষ্কারের নেশায় মৃত্যুভয়কে তুচ্ছ করে এগিয়ে চলছে। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে কিংবা দুঃসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায়—এসব কিছুও কবি জানতে চান।
বদ্ধ ঘরে আবদ্ধ না থেকে কবি রহস্যঘেরা অসীম বিশ্ব, তথা বিশ্বজগত্টাকে হাতের মুঠোয় পুরে পরখ করে দেখতে চান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা