
সংকল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘সংকল্প’ কবিতা থেকে কিছু প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: বীর ডুবুরি কী করে?
উত্তর: গভীর পানিতে ডুব দিয়ে যারা কোনো জিনিস উদ্ধার করে আনে তাদের ডুবুরি বলা হয়। ‘সংকল্প’ কবিতায় কবি ডুবুরিদের বীর হিসেবে আখ্যায়িত করেছেন। বীর ডুবুরিরা নদী বা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে। নদী বা সমুদ্রের গভীর তলদেশে কোনো নৌকা, লঞ্চ বা জাহাজ নিমজ্জিত হলে বীর ডুবুরিরা তা উদ্ধার করে।
প্রশ্ন: চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?
উত্তর: ‘চন্দ্রলোক’ কথাটির অর্থ হলো চাঁদের দেশ। বিশ্বের মানুষের কাছে এই দেশ একটি অজানা-অচেনা জায়গা। অজানা-অচেনা জায়গা সম্পর্কে মানুষ চিরকালই কৌতূহলী। আর এই কৌতূহলী মানুষই চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। পৃথিবীর এই দুঃসাহসী মানুষ হাউই চড়ে চন্দ্রলোকের অচিনপুর অভিযান সফল করতে চায়। জানতে চায় অচিনপুর চন্দ্রলোকের অজানা সব রহস্য।
প্রশ্ন: কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?
উত্তর: পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরীও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে, তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চান। পাতালের অজানা রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করে কৌতূহল মেটাতে চান।
প্রশ্ন: ‘সংকল্প’ কবিতায় কবি কী কী সংকল্প করেছেন, লেখো।
উত্তর: ‘সংকল্প’ কবিতায় কবি যেসব সংকল্প করেছেন, সেসব নিচে লেখা হলো:
১. জগত্টাকে ঘুরে দেখবেন।
২. যুগ থেকে যুগে মানুষ কীভাবে বেঁচে আসছে, তা বুঝতে চেষ্টা করবেন।
৩. এক দেশ থেকে আরেক দেশে মানুষ কেন ছোটাছুটি করে বেড়াচ্ছে, তা দেখবেন।
৪. অগুনতি সাহসী ব্যক্তি কিসের উন্মাদনায় বিপদ তুচ্ছ করে নানান কাজে ঝাঁপিয়ে পড়ছে, মৃত্যু পর্যন্ত বরণ করছে, সেসব তিনি দেখবেন।
৫. সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে, কিংবা দুঃসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায়, তা তিনি জানবেন।
৬. হাউই বা রকেটে চড়ে কে বা কারা চাঁদের দেশে যেতে চায়, কিংবা মঙ্গল গ্রহ থেকে আমাদের পৃথিবীর বুকে কোনো সংকেত ভেসে আসছে কি না, তাও তিনি জানতে চান।
৭. মাটির নিচে পাতালে কী আছে বা মাটির ওপরে আকাশে কী আছে, তা জানার জন্য তিনি পাতাল ও মহাকাশে অভিযান চালাবেন।
৮. তিনি সারা পৃথিবী জয় করবেন, নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে পৃথিবীকে নেড়েচেড়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।
প্রশ্ন: যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝো, লেখো।
উত্তর: ‘যুগান্তর’ শব্দটির অর্থ হলো এক যুগের পর আরেক যুগ। দেশি গণনামতে, ১২ বছরে এক যুগ হয়। আপন গতিতে এগিয়ে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় পৃথিবীর অনেক কিছু। নতুন নতুন রহস্য ও ঘটনার সৃষ্টি হয়। সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে মানুষও এগিয়ে চলে রহস্য অনুসন্ধান ও ঘটনার মূল উদ্ঘাটনের জন্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই এগিয়ে যাওয়ার কৌতূহলী প্রবণতাকে বোঝানোর জন্যই বলা হয়েছে, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে।
প্রশ্ন: কিসের আশায় বীর মরণকে বরণ করছে?
উত্তর: লক্ষ্যে পৌঁছানোর জন্য বীরেরা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকেও সাদরে গ্রহণ করে থাকে। রহস্য ভেদ করা, নতুন কিছু সৃষ্টি করা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়ে ন্যায় প্রতিষ্ঠা করা এবং অজানাকে জানার আশায় বীর মরণকে বরণ করছে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা