বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুন্দরবনের প্রাণী
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘সুন্দরবনের প্রাণী’ প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়?
উত্তর: পশুপাখি ও জীবজন্তু যেকোনো দেশের জন্যই এক অমূল্য সম্পদ। জীবজন্তু তথা প্রাণীকুল প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক পরিবেশে এরা মিলেমিশে থাকে। পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির নানা বিপর্যয় ঘটবে। তাই এদের ধ্বংস করতে নেই। এদের যত্ন ও সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।
প্রশ্ন: ক্যাঙারু কোথায় দেখা যায়?
উত্তর: প্রাণিজগতের এক বিচিত্র প্রাণী হলো ক্যাঙারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই এই প্রাণীটি দেখা যায়। ক্যাঙারুর চারটি পা। পেছনের দুই পা বড় আর সামনের দুই পা ছোট। এ জন্য অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো ক্যাঙারু হাঁটাচলা করতে পারে না। পেছনের দুই পায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে। বুকের নিচে একটি থলিতে এরা তাদের বাচ্চা রাখে। এই বিচিত্র প্রাণী ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।
প্রশ্ন: বাংলাদেশে কোন অঞ্চলে হাতি দেখা যায়?

উত্তর: ডাঙায় বাস করে এমন প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। একসময় এই বৃহত্ প্রাণী সুন্দরবনে দেখা যেত। এখন সুন্দরবনে কোনো হাতি নেই। বর্তমানে বাংলাদেশে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি দেখা যায়। রাঙামাটি ও বান্দরবান জেলায় পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে বুনো হাতির দল ঘুরে বেড়ায়।
প্রশ্ন: সুন্দরবনে কি গণ্ডার পাওয়া যায়?
উত্তর: প্রাণিজগতের আরেক বিস্ময় গণ্ডার । এটি কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে একটি শিং থাকে। ইংরেজ আমলের প্রথম দিকে, অর্থাত্ শ তিনেক বছর আগেও সুন্দরবনে গণ্ডারের বসবাস ছিল। কিন্তু সেই গণ্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারি—সবাই মিলে ক্রমান্বয়ে গণ্ডারের বংশ ধ্বংস করেছে। বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষ গণ্ডার দেখেছিলেন বলে জানা যায়। বর্তমানে সুন্দরবনে গণ্ডার সম্পূর্ণভাবে অবলুপ্ত।
সঠিক উত্তরটি লেখো।
প্রশ্ন: ক্যাঙারু বললেই মনে পড়ে যে দেশের কথা—
১. ভারত ২. বাংলাদেশ ৩. অস্ট্রেলিয়া ৪. আফ্রিকা
উত্তর: ৩. অস্ট্রেলিয়া।
প্রশ্ন: আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?
১. সিংহ ২. হাতি ৩. বাঘ ৪. উট
উত্তর: ১. সিংহ।
প্রশ্ন: বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?
১. সিলেট ও খুলনার ২. ভাওয়াল ও মধুপুরের গড়
৩. রাঙামাটি ও বান্দরবানে ৪. ওপরের সব খানে
উত্তর: ৩. রাঙামাটি ও বান্দরবানে।
প্রশ্ন: কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে?
১. ইগল ২. শকুন ৩. চিল ৪. কাক
উত্তর: ২. শকুন।
প্রশ্ন: কোনটার বড় বড় শিং, কোনটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, প্রাণীটির নাম কী?
১. চিতাবাঘ ২. চিত্রা হরিণ ৩. ভাল্লুক ৪. গণ্ডার
উত্তর: চিত্রা হরিণ।
প্রশ্ন: কোন প্রাণী পেছনের দুই পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে?
১. চিতাবাঘ ২. হরিণ ৩. ক্যাঙারু ৪. গণ্ডার
উত্তর: ৩. ক্যাঙারু।
প্রশ্ন: কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় প্রায় গরুর আকারের, নাকের ওপরে শিং থাকে। প্রাণীটির নাম কী?
১. হাতি ২. গণ্ডার ৩. হরিণ ৪. জলহস্তি
উত্তর: ২. গণ্ডার ।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা