বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘হাতি আর শেয়ালের গল্প’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কী?
উত্তর: অনেক অনেক আগে বনে বনে ছিল পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী আর অসংখ্য পাখালি ভরা বন। কোথাও কোনো ঝামেলা ছিল না। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন তাড়া খেয়ে মস্ত একটা হাতি এই শান্ত বনে ঢুকে পড়ে। এই হাতির শরীর যেমন বিশাল, তেমনি মেজাজটাও ভীষণ তিরিক্ষি। বনে ঢুকেই দুষ্টু হাতিটার সে কী তুলকালাম কাণ্ড। খুব জোরে গলা ফাটানো প্রচণ্ড হুংকারে থরথর করে কেঁপে ওঠে পুরো বন। সামনে যা পাছে, তা-ই লন্ডভন্ড করে দিচ্ছে। নিরীহ একটা হরিণকে তো শুঁড়ে জড়িয়ে দূরে ছুড়ে ফেলে দিল। ছোট্ট একটা পিঁপড়াও তার কাছ থেকে রেহাই পায়নি। পায়ের তলায় পিষে মেরে ফেলে পিঁপড়াকে। এভাবে হাতির আগমন ও অত্যাচারের কারণে শান্ত বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে।
প্রশ্ন: শেয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের কী হতো, ব্যাখ্যা করো।
উত্তর: শেয়াল কৌশল করে হাতিকে শাস্তি না দিলে বনের পাখিরা শান্তিতে থাকতে পারত না। সারাক্ষণ ভয়ে তটস্থ থাকত। কখন কাকে ধরে হাতি শুঁড়ে তুলে আছাড় দেয়। কখন কাকে পায়ের নিচে পিষে ফেলে। হাতির ভয়ে সবাই সারাক্ষণ শঙ্কিত থাকত, স্বাধীনভাবে কোনো প্রাণী বনে চলাফেরা করতে পারত না।

প্রশ্ন: অমিত শক্তিধর কাকে বলা হয়েছে?
উত্তর: ‘অমিত’ শব্দের অর্থ হলো প্রচুর। আর ‘শক্তিধর’ অর্থ হলো শক্তি আছে যার। অমিত শক্তিধর কথাটির অর্থ হলো প্রচুর শক্তি আছে যার। এখানে গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে।

প্রশ্ন: গল্পে মুক্ত স্বাধীন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে নিজেদের রক্ষা করে নিরাপদ থাকাকে বোঝানো হয়েছে। দীর্ঘদিন হাতির নানা অত্যাচারে বনের পশুরা শান্তিতে ঘুমাতে পারেনি। শেয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে কুপোকাত করে। অত্যাচারী হাতির শাস্তিতে বনের সব প্রাণী আনন্দ-উল্লাসে মেতে উঠে বলেছিল, ‘আর দেখব না হাতির ছায়া
আমরা এখন মুক্ত স্বাধীন
নাচছি সবাই তা-ধিন-তা-ধিন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা