ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে লুত্ফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’।
প্রশ্ন: পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে?
উত্তর: ‘মুগ্ধ’ শব্দটির অর্থ বিমোহিত বা আনন্দিত। প্রকৃতির সবকিছুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কবির দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবে নিজেকে প্রকাশিত করে চলেছে। সাগর, নদী, পাহাড়, ঝরনা, পাখি যে মনভোলানো সুর আর গানে প্রকৃতিকে বিমোহিত করছে, ঠিক একইভাবে পাতা আর স্বর্ণলতাও মুগ্ধ হচ্ছে গাছের গানে।
প্রশ্ন: আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?
উত্তর: ফুল, পাখি, পাহাড়, ঝরনা ও সাগর নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করছে তাদের নিজেদের মতো করে। তাদের নিজস্ব ভাষাবৈচিত্র্য ও বৈশিষ্ট্যে তারা গরীয়ান। আমরা ফুল-পাখি নই। কিংবা পাহাড়, ঝরনা-সাগরও নই। আমরা মানুষ। বাংলাদেশের বাঙালি। আমাদের মায়ের মুখের ভাষা বাংলা। আর মায়ের মুখের এই মধুর ভাষা বাংলা ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি।
প্রশ্ন: ‘শহিদ ছেলের দান’ হিসেবে আমরা কী পেয়েছি?
উত্তর: বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষাতে আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি। এই বাংলা ভাষাতেই আমাদের সব চাওয়া আর সব পাওয়া এবং স্বপ্ন-আশা বাস্তবায়িত হয়। অথচ এই ভাষার ওপর আঘাত হেনেছিল পশ্চিমা শাসকগোষ্ঠী। চাপিয়ে দিতে চেয়েছিল তাদের উর্দু ভাষা। কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা তা হতে দেয়নি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে শহিদ হয়ে এ ভাষার মর্যাদা রক্ষা করেছে। ২১ ফেব্রুয়ারির সেই সব শহিদ ছেলের দান হিসেবে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার। পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা ভাষা।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা