
বীরের রক্তে স্বাধীন এ দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
টহল, আসন্ন, অবধারিত, রক্তস্রোতে, রঞ্জিত, শায়িত।
উত্তর:
প্রদত্ত শব্দ অর্থ
টহল পাহারা দেওয়া
আসন্ন নিকটবর্তী
অবধারিত অনিবার্য, যা হবেই, নির্ধারিত
রক্তস্রোতে রক্তের প্রবাহে
রঞ্জিত রং করা হয়েছে এমন
শায়িত শুয়ে আছে এমন
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
নূর মোহাম্মদ শেখ শিপইয়ার্ডের নান্নু মিয়া
১৯৪৩, ১ মে রুহুল আমিন
ক) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা —
খ) নিজের জীবনকে তুচ্ছ করে — সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন।
গ) সিপাহি মুন্সী আব্দুর রউফ — সালের — মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
ঘ) খুলনা — কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ —।
উত্তর:
ক) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া।
খ) নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন।
গ) সিপাহি মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
ঘ) খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
প্রশ্ন: নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। তাঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান।
রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাঁদের ঘিরে ফেলে। কিন্তু মুক্তিযোদ্ধারা দমার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটি গুলি হঠাত্ এসে লাগে তাঁর গায়ে। নূর মোহাম্মদ তাঁকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন, আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন।
কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন নূর মোহাম্মদ। উদ্দেশ্য: একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন—শত্রুদের এ রকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাত্ মর্টারের একটি গোলা এসে লাগল তাঁর পায়ে।
গোলার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল নূর মোহাম্মদের পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহিদ হলেন। এভাবেই নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা