
বীরের রক্তে স্বাধীন এ দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’।
প্রশ্ন: সিপাহি মুন্সী আব্দুর রউফের যুদ্ধের ঘটনা লেখো।
উত্তর: সিপাহি মুন্সী আব্দুুর রউফ ছিলেন ইপিআর বাহিনীর একজন দক্ষ মেশিনচালক। এ ক্ষেত্রে তিনি অনেক সুনামও অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো তিনিও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ৮ এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন।
পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করার জন্য সাতটি স্পিডবোট আর দুটি লঞ্চ নিয়ে এগিয়ে আসে। মৃত্যু অবধারিত জেনেও মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি।
আব্দুুর রউফ দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটি মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে।
মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাত্ একটি গোলা এসে পড়ল তাঁর ওপর। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। তিনি শহিদ হলেন। মুন্সী আব্দুর রউফ আমাদের গৌরব। আমরা তাঁকে ভুলব না। শ্রদ্ধাভরে স্মরণ করব চিরদিন।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহিদ হয়েছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১০ তারিখ। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নেয়। এবার তাঁদের লক্ষ্য খুলনা দখল করা। ভৈরব নদ বেয়ে তাঁরা ধেয়ে আসছিলেন খুলনার দিকে। জাহাজ দুটি খুলনার কাছাকাছি আসতেই একটি বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ল। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। বোমা ইঞ্জিনরুমের ওপর পড়ায় ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল বিএনএস পলাশে। রুহুল আমিনের ডান হাতটি উড়ে গেলেও আহতাবস্থায় ঝাঁপ দিয়ে নদ সাঁতরে পাড়ে ওঠেন। বোমার আঘাত থেকে রক্ষা পেলেও রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তাঁর। এভাবে বিজয়ের দ্বারপ্রান্তে এসে রাজাকারদের হাতে তিনি শহিদ হন।
প্রশ্ন: গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লেখো।
উত্তর: গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের দেশপ্রেম, অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের গৌরব সম্পর্কে আমরা জেনেছি। নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে বীর যোদ্ধারা যুদ্ধ করেছেন। শত্রুসেনাদের ঘায়েল করে মুক্তির রক্তিম সূর্য ছিনিয়ে এনেছেন। বীর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা।
জলে, স্থলে, অন্তরিক্ষে বীর যোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে শত্রুসেনাদের পরাভূত করে জয়ী বাহিনী হিসেবে বয়ে এনেছেন অসীম গৌরব। এই বীরদের পূতপবিত্র রক্তস্রোতের বিনিময়ে বীরের জাতি হিসেবে আমরা বিশ্বসভায় স্থান করে নিয়েছি।
নূর মোহাম্মদ শেখ, মুন্সী আব্দুর রউফ, মোহাম্মদ রুহুল আমিন শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়ে সম্মুখযুদ্ধে শহিদ হন। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা