
ফুটবল খেলোয়াড়
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আজকের আলোচনায় রয়েছে পল্লিকবি জসীমউদ্দীন রচিত ‘ফুটবল খেলোয়াড়’ কবিতা। আজ দেওয়া হলো কিছু প্রশ্নোত্তরের নমুনা।
প্রশ্ন: টেবিলের ওপরে ছোট-বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন?
উত্তর: খেলাপাগল ইমদাদ হক। নিজের অবস্থা যেমনই হোক না কেন, সে খেলবেই। খেলতে গিয়ে সে শরীরের অনেক জায়গায় আঘাত পায়। আঘাতের যন্ত্রণায় ইমদাদ হক সারা রাত ছটফট করে।
কবি যে মেসে থাকতেন, ইমদাদ হকও সেই একই মেসে থাকত বলে কবি ভাবতেন হয়তো-বা ছয় মাসের জন্য সে পঙ্গু হয়ে গেল। তাকে আর তিনি ফুটবল টিমে হয়তো দেখতে পাবেন না। এই ভেবে কবি প্রভাতবেলায় ইমদাদ হকের খবর নেওয়ার জন্য তার ঘরে ছুটে যেতেন। কিন্তু কোথায় ইমদাদ হক। বিছানা শূন্য। ইমদাদ হক ঘরে নেই। টেবিলের ওপর ছোট-বড় মালিশের শিশিগুলো যেন কবিকে উপহাস করছে। কারণ, জাত খেলোয়াড়দের কোনো বিশ্রাম নেই। কোনো বাধায় আপস করে না। এমনকি শরীরের কোনো অঙ্গে আঘাত পেলেও না।
প্রশ্ন: কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকদের আনন্দপূর্ণ নানা অভিমতের বর্ণনা নিজের ভাষায় লেখো।
উত্তর: খেলা এবং খেলায় জিতে আসাই ইমদাদ হকের একমাত্র লক্ষ্য। খেলার মাঠে সব খেলোয়াড়কে পেছনে ফেলে ইমদাদ হক বল নিয়ে ছুটে চলে। বাঁ পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে ঠেলা মেরে দেয়। তার খেলার এই কৌশল দেখে মুগ্ধ দর্শক ইমদাদ হককে নানাভাবে উত্সাহিত করে। দর্শকনন্দিত খেলোয়াড় ইমদাদও জীবন-মরণ পণ করে সব বাধা পায়ে দলে এগিয়ে যায়। প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দর্শকের বাহবা অর্জন করে। দর্শকদের এই ভালোবাসায় সে ভুলে যায় আঘাতের যন্ত্রণা। মেসে এসে মালিশ মাখে, তাতেও যেন অনেক শান্তি। দর্শকেরা সকালের খবরের কাগজে তার কৃতিত্ব ও সফলতার প্রশংসা দেখে মুগ্ধ হয়।
প্রশ্ন: খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লেখো।
ক) ...........................
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ) টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি,
.............................।
গ) গোল-গোল-গোল—মোদের মেসের ইমদাদ হক কাজি
................................
উত্তর
ক) মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ) টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি,
উপহাস যেন করিতেছে মোরে ছিপি-পরা দাঁত তুলি।
গ) গোল-গোল-গোল—মোদের মেসের ইমদাদ হক কাজি
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
প্রশ্ন: ইমদাদ হক সম্পর্কে ৫টি বাক্য লেখো।
উত্তর: জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলাপাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ অনেক আঘাত পায়। তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা