স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধ। এসো, তা হলে শুরু করা যাক।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: কোন সময়কে মুক্তিযুদ্ধের কাল বলা হয়?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত—এই নয় মাসকে বলা হয় মুক্তিযুদ্ধের সময়কাল। এই নয় মাস যুদ্ধ করার পর আমরা জয়ী হই, অর্জন করি আমাদের স্বাধীনতা
প্রশ্ন: কোন তারিখে পাকিস্তানি সেনারা এ দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে?
উত্তর: পাকিস্তানি সেনারা ছিল নিষ্ঠুর, নির্মম। তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রশ্ন: রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়?
উত্তর: রণদা প্রসাদ সাহা বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য তাঁকে বলা হয় দানবীর।
প্রশ্ন: কোন সাংবাদিক কবি হিসেবেও চমত্কার ছিলেন?
উত্তর: সাংবাদিক মেহেরুন্নেসা কবি হিসেবেও চমত্কার ছিলেন।
প্রশ্ন: জ্যোতির্ময় গুহঠাকুরতা কে ছিলেন? তিনি কীভাবে শহিদ হন?
উত্তর: জ্যোতির্ময় গুহঠাকুরতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন শহিদ বুদ্ধিজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর বর্বর আক্রমণ চালায়। তারা এ দেশকে প্রতিভাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়িতেও হামলা চালায়। জ্যোতির্ময় গুহঠাকুরতাকে তারা টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে আনে। তারপর গুলি করে হত্যা করে। এভাবেই তিনি শহিদ হন।
প্রশ্ন: নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো:
১. আমরা তাঁদের স্মরণ করিব চিরদিন।
২. দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তাঁরা স্থাপন করিয়া গেছেন।
৩. আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের সু-মানুষ রূপে গড়িয়া তুলিব।
৪. তবেই আমাদের পক্ষে তাঁদের ঋণ শোধ করা সম্ভব হইবে।
৫. ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইয়াছে।
৬. ঘোরতর যুদ্ধ চলিতেছে চারদিকে।
৭. ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শুনিবার জন্য।
৮. মুক্তিযোদ্ধারা বুঝাইয়া দিলেন বাঙালিরা সাহসী।
৯. রহিম ব্যথা পেয়ে খোঁড়াইতে থাকে।
১০. মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে যাইতেছে।
উত্তর:
১. আমরা তাঁদের স্মরণ করব চিরদিন।
২. দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তাঁরা স্থাপন করে গেছেন।
৩. আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের সু-মানুষরূপে গড়ে তুলব।
৪. তবেই আমাদের পক্ষে তাঁদের ঋণ শোধ করা সম্ভব হবে।
৫. ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে।
৬. ঘোরতর যুদ্ধ চলছে চারদিকে।
৭. ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শোনার জন্য।
৮. মুক্তিযোদ্ধারা বুঝিয়ে দিলেন বাঙালিরা সাহসী।
৯. রহিম ব্যথা পেয়ে খোঁড়াতে থাকে।
১০. মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা