বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ঘাসফুল 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের জ্যোতিরিন্দ্র মৈত্র রচিত কবিতা ‘ঘাসফুল’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
‘ঘাসফুল’ কবিতার মূলভাব: ঘাসের ছোট ছোট ফুল পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে ওরা উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্য কিরণের মায়ায়। গাছে ফুল ফুটলে আনন্দ পাওয়া চাই। ফুল ছিঁড়ে কিংবা পায়ের নিচে পিষে ওদের কষ্ট দেওয়া ঠিক নয়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।
কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহ

উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
কিরণ— আলো
ধরা— পৃথিবী
তারারা— আকাশের তারকারাজি
ফোটে— প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে
স্নেহ— মায়া, সোহাগ, আদর

প্রশ্ন: বাক্যগুলোর প্রদত্ত ভুল শব্দটি শুদ্ধ করে লেখো।
ক. অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড়ে ব্যাথা হবে।
খ. সকালে সূর্যের কিরন ততটা তীব্র হয় না।
গ. আমাদের পায়ের নিচে যে মাটির পিথীবি, তা-ই ধরা।
ঘ. অন্ধকার আকাশে তারারা মিটমিট করে জলে।
ঙ. ফুল গাছে পুল ফোটে।
উত্তর:
ক. অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড়ে ব্যথা হবে।
খ. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না।
গ. আমাদের পায়ের নিচে যে মাটির পৃথিবী তা-ই ধরা।
ঘ. অন্ধকার আকাশে তারারা মিটমিট করে জ্বলে।
ঙ. ফুল গাছে ফুল ফোটে।

প্রশ্ন: কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো।
রূপকথা নীল আকাশের বাঁশি—
ধরার বুকের স্নেহ-কণাগুলি
শুনি আর দুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
উত্তর:
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
প্রশ্ন: হাওয়ায় কারা মাথা দোলাচ্ছে?
উত্তর: ঘাসের ছোট ছোট ফুল হাওয়ায় মাথা দোলাচ্ছে।

প্রশ্ন: ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে?
উত্তর: ঘাসফুল হলো ঘাসের ছোট ছোট ফুল। ওরা প্রকৃতির বুকে পরম আনন্দে বেঁচে আছে। জীবনকে উপভোগ করছে হাওয়ার দোলায় আর সূর্যের আলোয়। ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল আমাদের কাছে সেই মিনতি করছে। কারণ, ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। তাই ঘাসফুল আমাদের কাছে এই মিনতি করছে।

প্রশ্ন: ঘাসফুল কার সঙ্গে নিজেকে তুলনা করেছে? কীভাবে তুলনা করেছে?
উত্তর: পৃথিবীর বুকে যত আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তার সঙ্গেই ঘাসফুল নিজেকে তুলনা করেছে। ঘাসফুলের মতে, ধরার বুকের স্নেহ-কণাগুলিই আসলে প্রকৃতিতে ঘাস হয়ে ফুটে ওঠে। আর ঘাসফুল হচ্ছে তারই লাল, নীল সাদা হাসির বর্ণচ্ছটা, যা রূপকথার নীল আকাশের মায়াবী বাঁশির সুমধুর সুরের মতো জীবনকে ছন্দে-আনন্দে ভরে তোলে। ঘাসফুল এভাবেই নিজের বিশেষত্ব ও বৈশিষ্ট্য ব্যক্ত করে ধরার বুকের স্নেহ-কণার সঙ্গে নিজেকে তুলনা করেছে।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা