
রচনা লেখো:
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি। এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।
বাংলাদেশের গান/আমাদের লোকসংগীত
[ভূমিকা—গানের বৈচিত্র্য—
ভাটিয়ালি— সারিগান— জারিগান— মুর্শিদিগান— ভাওয়াইয়া— বৃষ্টির গান—
বিয়ের গান— উপসংহার।]
ভূমিকা
ধানে ভরা, গানে ভরা আমার এ দেশ ভাই
ফুলে ভরা, ফলে ভরা এমন দেশ আর নাই।
কবি এখানে গর্ব করে যে দেশের কথা বলেছেন, সে দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এ দেশের মানুষের কণ্ঠে অনেক কথা, অনেক গান। আমাদের চারপাশে রয়েছে গানের মেলা। এসব গান মাটি ও মানুষের কথা বলে। এসব গান মানুষের শ্রমের ফসলের কথা বলে। বলে বয়ে যাওয়া নদীর কথা। এসব গানের সুরে স্পন্দিত হয় আমাদের জীবন। তাই এসব গানকে বলা হয় লোকসংগীত।
গানের বৈচিত্র্য
গানের দেশ, প্রাণের দেশ, আমাদের এ বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতির রং ও রূপ যেমন বিচিত্র, গান এবং সুরও তেমনি বৈচিত্র্যে ভরা। গানের কথা ও সুরে ফুটে ওঠে প্রকৃতি ও জীবনের নানা দিক। আর তাই সব গানের কথা এক নয়, সুরও এক নয়। গানের সঙ্গে যে বাদ্যযন্ত্র বাজানো হয়, তা নানা ধরনের। কোনো কোনো গায়ক একতারা বা দোতারা হাতে নিয়ে নেচে নেচে গান করেন। কেউ গান করেন গলায় হারমোনিয়াম ঝুলিয়ে, কেউবা খঞ্জনি হাতে। জনজীবনকে প্রভাবিত করা এসব গানের মধ্যে রয়েছে ভাটিয়ালি, সারিগান, জারিগান, ভাওয়াইয়া, বৃষ্টির গান ও বিয়ের গান।
ভাটিয়ালি
বাংলাদেশের গ্রামগঞ্জের মাঝিমাল্লাদের গান ভাটিয়ালি। এ দেশের মাঝিমাল্লারা নদীপথে চলাচল করেন গঞ্জ থেকে গঞ্জে, বন্দর থেকে বন্দরে। নদীর বুকে বাতাস বয়ে যায়। ভাটির টানে ভাসতে ভাসতে এই গান গাওয়া হয়। তাই এর নাম ভাটিয়ালি।
সারিগান
মাঝিরা সারি বেঁধে বসে বৈঠার তালে তালে যে গান করেন আর নৌকা চালান, তাকে
সারিগান বলে।
জারিগান
জারিগান বাংলাদেশের একটি প্রিয় গান। যেকোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে এই গান হয়। জারি গান শোকের গান, দুঃখের গান। বছরের যেকোনো সময়ে, হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে এর আসর বসে। এই গানের একজন মূল গায়কের সঙ্গে একদল দোহার থাকে। গানের সঙ্গে ঢাক, ঢোল ও দোতারা বাজানো হয়।
মুর্শিদি গান
মুর্শিদি গান এক ধরনের ধর্মীয় গান। বাউল-ফকিরদের কণ্ঠে এ গান মানুষের মনে ধর্মভাব জাগিয়ে তোলে।
ভাওয়াইয়া
আমাদের দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর সংখ্যা কম। সেখানে যানবাহন হিসেবে গরু ও মহিষের গাড়ির প্রচলন দেখা যায়। গাড়িতে যাত্রী বোঝাই করে আঁকাবাঁকা, উঁচু-নিচু মাটির পথ দিয়ে মৈষাল ভাওয়াইয়া গান গাইতে গাইতে দূরের পথে পাড়ি জমান।
বৃষ্টির গান
আমাদের দেশে চৈত্র-বৈশাখ মাসে প্রচণ্ড রোদে-গরমে মাঠ-ঘাট-প্রান্তর ফেটে চৌচির হয়ে যায়। খেতের ফসল শুকিয়ে যায়। আকাশে মেঘের কোনো চিহ্ন থাকে না। চাষিরা তখন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য গান গেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। এ গানগুলোকে বৃষ্টির
গান বলে।
বিয়ের গান
বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় নানা উত্সবে মেতে ওঠে। এসবের মধ্যে একটি পারিবারিক উত্সব হচ্ছে বিয়ে। বিয়েবাড়িতে পাড়ার মেয়েরা দল বেঁধে গান গায়। গানের সুরে বিয়েবাড়ির আনন্দ উত্সব জমে ওঠে। বাংলাদেশের সব অঞ্চলেই বিয়ের গান শোনা যায়।
উপসংহার
গানের দেশ বাংলাদেশ। যুগ যুগ ধরে এসব গান লোকের মুখে মুখে চলে আসছে। এ দেশের দোয়েল-শ্যামার সুমধুর কলকাকলির মতো, নদীর কলতানের মতো এসব লোকসংগীত আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। এসব লোকসংগীত আমাদের নিজস্ব সম্পদ।
তত্ত্বাবধায়ক, শিশুবান্ধব পাঠশালা, গাইবান্ধা
স্বেচ্ছাসেবী শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা