বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।

বাংলাদেশের নদ-নদী
[ভূমিকা—প্রধান নদ-নদী—নদীর সৌন্দর্য—উপকারিতা—
অপকারিতা—উপসংহার]

ভূমিকা
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। অসংখ্য নদ-নদী এ দেশের বুকের ওপর দিয়ে বয়ে চলেছে। মানুষের প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে শত শত নদ-নদী। নদ-নদীগুলো আমাদের দেশের মাটিকে করেছে উর্বর।
প্রধান নদ-নদী
পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান নদ-নদী। বাংলাদেশে শাখা-প্রশাখাসহ নদ-নদীর সংখ্যা প্রায় ২৩০।
পদ্মা
পদ্মা বাংলাদেশের প্রধান নদী। ভারতের ওপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে রাজশাহীর ভেতর দিয়ে পদ্মা নাম ধারণ করে আমাদের দেশে প্রবেশ করেছে এই নদী।
মেঘনা
মেঘনা বাংলাদেশের আরেকটি প্রধান নদী। ভারতের বরাক নদটি সুরমা ও কুশিয়ারা নামের দুটি শাখায় ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই দুটি নদী চাঁদপুরের কাছে এসে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
যমুনা
যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। একসময়ের প্রবল প্রমত্তা যমুনা নদী এখন অনেকটাই ম্রিয়মাণ। ধরলা, তিস্তা ও করতোয়া যমুনার প্রধান উপনদী। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী যমুনার প্রধান শাখানদী।
ব্রহ্মপুত্র
হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদের উত্পত্তি হয়েছে। নদটি তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের কাছে এসে বাংলাদেশে প্রবেশ করেছে।
কর্ণফুলী
কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে উত্পন্ন হয়ে পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কাসালং, বোয়ালখালী ও হালদা কর্ণফুলীর প্রধান উপনদী।
নদীর সৌন্দর্য
নদীর শোভা সত্যিই মনোরম। নদীর দুই ধারের কাশবন, বাড়িঘর—সবকিছু ছবির মতো লাগে। বর্ষার পানিতে নদ-নদী ভরে গেলে এদের অপরূপ দেখায়।
নদীর উপকারিতা
নদী আমাদের অনেক উপকার করে থাকে। আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নদীর প্রবাহ। আমরা নদীর পানি নানা কাজে ব্যবহার করি। নদীপথে নৌকা, লঞ্চ ও স্টিমারে করে খুব সহজে কম খরচে যাতায়াত করা যায়। প্রতিবছর নদী পলিমাটি ফেলে আমাদের জমির উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। বিভিন্ন নদ-নদীতে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করেন। নদ-নদীতে পাওয়া মাছ আমাদের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে। খরার সময় নদী থেকে জল সেচের মাধ্যমে শস্য উত্পাদন করা হয়। বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে নদ-নদীর সম্পর্ক অনেক গভীর।
অপকারিতা
প্রচুর বর্ষণের ফলে এবং বর্ষাকালে অনেক নদীতে বন্যা হয়। ফলে এসব নদীর দুই পাশের ঘরবাড়ি ও ফসলের খেত ডুবে যায়। নদীভাঙনের ফলে অনেক গ্রাম, জনপদ ও ফসলের মাঠ নদীগর্ভে বিলীন হয়।
উপসংহার
নদ-নদীর অবদানেই আমাদের এই বাংলাদেশ সুজলা-সুফলা-শস্য-শ্যামলা হয়েছে। এ দেশের মানুষের সঙ্গে নদ-নদীর সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের দৈনন্দিন জীবনে ও জাতীয় অর্থনীতিতে নদ-নদীর গুরুত্ব অনেক।
স্বেচ্ছাসেবী শিক্ষক
শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা