রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনার জন্য কিছু ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের জন্য আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।
বাংলাদেশের ষড়ঋতু
[ভূমিকা-ষড়ঋতুর পরিচয়-গ্রীষ্মকাল-বর্ষাকাল-শরত্কাল-হেমন্তকাল-শীতকাল-বসন্তকাল-উপসংহার]
ভূমিকা
বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। এখানে এক এক ঋতুর এক এক রূপ। ঋতুতে ঋতুতে এখানে চলে সাজ বদলের পালা। নতুন নতুন রং-রেখায় প্রকৃতি আলপনা আঁকে মাটির বুকে, আকাশের গায়ে, মানুষের মনে। তাই ঋতু বদলের সঙ্গে সঙ্গে এখানে জীবনেরও রং বদল হয়।
ষড়ঋতুর পরিচয়
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। এখানে প্রতি দুই মাস অন্তর একটি নতুন ঋতুর আবির্ভাব ঘটে। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরত্, হেমন্ত, শীত ও বসন্ত। আর প্রতিটি ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য বৈচিত্র্যময় হয়ে ওঠে।
গ্রীষ্মকাল
ঋতুচক্রের শুরুতেই আসে গ্রীষ্ম। বৈশাখ-জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল। আগুনের মশাল হাতে মাঠ-ঘাট পোড়াতে পোড়াতে গ্রীষ্ম ঋতুর আগমন। তখন আকাশ-বাতাস ধুলায় ধূসরিত হয়ে ওঠে। প্রকৃতির শ্যামল-স্নিগ্ধ রূপ হারিয়ে যায়। খাল-বিল, নদী-নালা শুকিয়ে যায়। অসহ্য গরমে প্রাণিকুল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাতর হয়ে পড়ে। এরই মধ্যে কখনো হঠাত্ শুরু হয় কালবৈশাখীর দুরন্ত তাণ্ডব। ভেঙেচুরে সবকিছু তছনছ করে দিয়ে যায়। তবে গ্রীষ্ম শুধু পোড়ায় না, অকৃপণ হাতে দান করে আম, জাম, জামরুল, লিচু, তরমুজ ও নারকেলের মতো অমৃত ফল।
বর্ষাকাল
গ্রীষ্মের পরই মহাসমারোহে বর্ষা আসে। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। দিগিবজয়ী যোদ্ধার বেশে বর্ষার আবির্ভাব। মেঘের গুরুগম্ভীর গর্জনে প্রকৃতি থেমে থেমে শিউরে ওঠে। শুরু হয় মুষলধারায় বৃষ্টি। মাঠ-ঘাট পানিতে পরিপূর্ণ হয়ে যায়। প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা। জনজীবনে ফিরে আসে প্রশান্তি। কৃষকেরা জমিতে ধান-পাটের বীজ রোপণ করেন। গাছে গাছে ফোটে কদম, কেয়া, জুঁই। বর্ষায় পাওয়া যায় আনারস, পেয়ারা প্রভৃতি ফল।
শরত্কাল
বাতাসে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে আসে শরত্। ভাদ্র-আশ্বিন দুই মাস শরত্কাল। এ সময় বর্ষার কালো মেঘ সাদা হয়ে স্বচ্ছ নীল আকাশে তুলার মতো ভেসে বেড়ায়। নদীর তীরে তীরে বসে সাদা কাশফুলের
মেলা। বিকেল বেলা মালা গেঁথে উড়ে চলে
সাদা বকের সারি। সবুজ ঢেউয়ের দোলায় দুলে ওঠে ধানের খেত। রাতের আকাশে জ্বল জ্বল করে অজস্র তারার মেলা। শাপলার হাসিতে বিলের পানি ঝলমল ঝলমল করে।
হেমন্তকাল
ঘরে ঘরে নবান্নের উত্সবের আনন্দ নিয়ে আগমন ঘটে হেমন্তের। কার্তিক-অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল। প্রকৃতিতে হেমন্তের রূপ হলুদ। শর্ষে ফুলে ছেয়ে যায় মাঠের বুক। মাঠে মাঠে পাকা ধান। কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফসল কাটার কাজে। সোনালি ধানে কৃষকের গোলা ভরে ওঠে, মুখে ফোটে আনন্দের হাসি। শুরু হয় নবান্নের উত্সব। হেমন্ত আসে নীরবে, আবার শীতের কুয়াশার আড়ালে গোপনে হারিয়ে যায়।
শীতকাল
কুয়াশার চাদর গায়ে উত্তুরে হাওয়ার সঙ্গে আসে শীত। পৌষ-মাঘ দুই মাস শীতকাল। শীত রিক্ততার ঋতু। কনকনে শীতের দাপটে মানুষ ও প্রকৃতি অসহায় হয়ে পড়ে। তবে রকমারি শাকসবজি, ফল ও ফুলের সমারোহে বিষণ্ন প্রকৃতি ভরে ওঠে। বাতাসে ভাসে খেজুর রসের ঘ্রাণ। ক্ষীর, পায়েস আর পিঠা-পুলির উত্সবে মাতোয়ারা হয় গ্রামবাংলা।
বসন্তকাল
সবশেষে বসন্ত আসে রাজবেশে। ফাল্গুন-চৈত্র দুই মাস বসন্তকাল। বসন্ত নিয়ে আসে সবুজের সমারোহ। বাতাসে ফুলের সুবাস। গাছে গাছে কোকিল-পাপিয়ার সুমধুর গান। দখিনা বাতাস বুলিয়ে দেয় শীতল পরশ। মানুষের প্রাণে বেজে ওঠে মিলনের সুর। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ।
উপসংহার
বাংলাদেশের ষড়ঋতুর এই লীলা অবিরাম চলছে। বিভিন্ন ঋতু প্রকৃতিতে রূপ-রসের বিভিন্ন সম্ভার নিয়ে আসে। তার প্রভাব পড়ে বাংলার মানুষের মনে। বিচিত্র ষড়ঋতুর প্রভাবেই বাংলাদেশের মানুষের মন উদার ও
ভালোবাসায় পরিপূর্ণ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা