বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনার জন্য কিছু ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের জন্য আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।

জাতীয় ফুল শাপলা
[ভূমিকা-প্রাপ্তিস্থান-প্রকারভেদ-পরিচয়-সৌন্দর্য ও ব্যবহার-উপসংহার]

ভূমিকা
প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে ফুলের অবদান রয়েছে। নানা প্রকার ফুলের মধ্যে শাপলা ফুল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশীদার। এ দেশের প্রায় সব অঞ্চলেই শাপলা ফুল পাওয়া যায়। শাপলা ফুলের সৌন্দর্য বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে আছে। এ ফুলের অনন্য সৌন্দর্য ও দেশের প্রকৃতিতে সহজলভ্য বলে শাপলা জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। আমাদের জাতীয় ফুলের মতো অন্যান্য দেশেরও জাতীয় ফুল রয়েছে।
প্রাপ্তিস্থান
শাপলা জলে জন্মে বলেই এটি জলজ ফুল। খালে-বিলে, হাওরে-বাঁওড়ে, ঝিলে, পুকুরে, নদীতে, পরিত্যক্ত জলাশয়ে এ ফুল জন্মে। এ ফুল চাষাবাদ করতে হয় না। বিনা যত্নেই ফুটে থাকে।
প্রকারভেদ
রঙের বিবেচনায় শাপলার রয়েছে রকমফের। শাপলা সাদা, লাল, নীল, হলুদ, কালচে লাল, বেগুনি লাল, রক্ত বেগুনি, নীল বেগুনি প্রভৃতি রঙের হয়ে থাকে। বাংলাদেশে সাদা, লাল ও নীল—এই তিন রঙের শাপলা পাওয়া যায়। অন্যান্য রঙের শাপলার তুলনায় সাদা শাপলা বেশি পাওয়া যায়। আমাদের জাতীয় ফুল সাদা শাপলা।
পরিচয়
পানির নিচের মাটি থেকে প্রথমে মূল বা শিকড় গজায়। আর সে শিকড় থেকে সরু নলের মতো একটি দণ্ড পানি ভেদ করে ওপরে উঠে আসে এবং পানির ওপরে সে দণ্ডটি থেকে পাতা বের হয়। পাতা বড় ও পুরু হয়ে পানির ওপরে ভাসে। আর মূল থেকে একাধিক শাখা বের হয়। একাধিক শাখাই মূলত শাপলার নল বা ডাঁটা। এসব নলের মাথায় কলার মোচা আকৃতির ফুলের কুঁড়ি ফোটে। ফুলগুলোও পাতার মতো পানির ওপরে ভাসে। শাপলা ফোটে বর্ষাকালে। শাপলা ফুলের মেলায় প্রকৃতিকে অপরূপ সাজে সজ্জিত হতে দেখা যায়।
শাপলা পরিপূর্ণভাবে ফোটার পর ধীরে ধীরে পাপড়িগুলো ঝরে পড়ে, আর নলের আগায় গোলাকার বিচিটি পানিতে ডুবে যায়। পানি বাড়লে শাপলার বৃদ্ধি ঘটে। আর পানি কমার সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হতে থাকে। শীত মৌসুমে খাল-বিল, নদী-নালার পানি শুকিয়ে গেলে শাপলা গাছ মরে যায়। তবে মাটির নিচে শিকড় ও বিচিগুলো সুপ্ত অবস্থায় থাকে। বর্ষার আগমনে শাপলাগুলোর শিকড় থেকে আবার চারা গজায়।
সৌন্দর্য ও ব্যবহার
বর্ষার জলে শাপলা ফোটার সঙ্গে সঙ্গে প্রকৃতি ধরা দেয় নবরূপে। শাপলার সৌন্দর্য এমনভাবে ফুটে ওঠে যে প্রকৃতি রূপে অপরূপ হয়ে ওঠে। জোছনা রাতে নানা রঙের শাপলা রাতের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। শিশু-কিশোরেরা শাপলা ফুল হাতে নিয়ে আনন্দ উপভোগ করে। তারা শাপলার নল দিয়ে মালা গাঁথে। এর নল বা ডাঁটা তরকারি হিসেবে ব্যবহূত হয়। শাপলার বিচি থেকে খই হয়। তা ছাড়া শাপলা থেকে যে শালুক হয়, তা শুকিয়ে খাওয়া যায়।
উপসংহার
বাংলাদেশের অধিকাংশই জলজ অঞ্চল। বর্ষাকালে তার সম্পূর্ণ রূপ আমরা দেখতে পাই। আর বর্ষাকালে শাপলা জলজ ফুল হিসেবে প্রকৃতির শোভাবর্ধন করে। এর স্বাভাবিক সৌন্দর্য বাঙালির লোকজীবনে, জাতীয় জীবনে বিশেষ স্থান দখল করে আছে। শাপলা ফুলের তুলনা হয় না।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা