বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক।

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে প্রচুর গাছপালা। এখানে যেমন রয়েছে কেওড়া ও সুন্দরীগাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু।
বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। প্রাণিবিদেরা বলেছেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।
যেকোনো দেশের জন্যই জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণিকুল জীবন ধারণ করে থাকে। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। এসব ধ্বংস করতে নেই, ধ্বংস করলে নেমে আসে বিপর্যয়-বন্যা, খরা, ঝড় ইত্যাদি।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। অনুচ্ছেদটিতে কোন বনের প্রাণী সম্পর্কে বলা হয়েছে?
ক. সুন্দরবনের খ. গজারিবনের
গ. বান্দরবানের ঘ. শালবনের
২। সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. দক্ষিণে খ. পূর্বে গ. উত্তরে ঘ. পশ্চিমে
৩। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে—
ক. সিংহ খ. হরিণ
গ. গন্ডার ঘ. রয়েল বেঙ্গল টাইগার
৪। কোন প্রাণী বাংলাদেশের অমূল্য সম্পদ?
ক. চিত্রা হরিণ খ. হাতি
খ. গন্ডার
ঘ. সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
৫। সুন্দরবন গড়ে উঠেছে—
ক. পদ্মা নদীর তীরে
খ. সমুদ্রের কোল ঘেঁষে
গ. যমুনার কোল ঘেঁষে
ঘ. মেঘনা নদীর কোল ঘেঁষে
২। নিচের শব্দগুলোর অর্থ লেখো।
অপার, সম্ভার, রয়েল, ভয়ংকর, অমূল্য
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. সুন্দরবনে এখন আর কোন প্রাণী দেখা যায় না?
খ. ‘প্রাণী ও বৃক্ষলতা সবকিছুই প্রাকৃতির দান’—কথাটি বুঝিয়ে লেখো।
গ. কোন প্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. সুন্দরবনের ২. ক. দক্ষিণে
৩. ঘ. রয়েল বেঙ্গল টাইগার
৪. ঘ. সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
৫. খ. সমুদ্রের কোল ঘেঁষে
২ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত শব্দ অর্থ
অপার অগাধ, অসীম
সম্ভার বিভিন্ন উপাদান
রয়েল রাজকীয়
ভয়ংকর ভীষণ ভীতিজনক
অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না
৩ নম্বর প্রশ্নের উত্তর
ক.
একসময় সুন্দরবনে চিতাবাঘ ও ওলবাঘ ছিল। এখন আর এই দুই ধরনের বাঘ দেখা যায় না।
খ.
প্রাণী, বৃক্ষলতা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। আবহাওয়া, জলবায়ু, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই প্রাণিকুল জীবন ধারণ করে থাকে। আর এ সবকিছুই প্রকৃতির দান।
গ.
যেকোনো দেশের জন্যই জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ। প্রাণিবিদেরা বলেছেন, রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই রয়েল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।
৪ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব নিচে লেখা হলো—
পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। যেকোনো দেশের জন্যই জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ। এসব জীবজন্তু, পশুপাখি, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। এদের ধ্বংস করতে নেই। এদের ধ্বংস করলে নেমে আসবে বন্যা, খরা, ঝড় ইত্যাদি বিপর্যয়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা