পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এ রকমই এক যুদ্ধে শহিদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা মোংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। খুলনার দিকে ধেয়ে আসছে তারা।
ভৈরব নদ বেয়ে জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটি বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। ইঞ্জিনরুমের ওপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। রুহুল আমিনের ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহতাবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তাঁর। তিনি শহিদ হন।
খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত। লাখো প্রাণের বিনিময়ে আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ দুটি কোন বন্দর দখল করে নিয়েছিল?
ক. মোংলা বন্দর খ. পায়রা বন্দর গ. চালনা বন্দর ঘ. চট্টগ্রাম বন্দর
২. বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা কোন নদী বেয়ে ধেয়ে আসছিল?
ক. পদ্মা নদী খ. মেঘনা নদী গ. ভৈরব নদ ঘ. পশুর নদ
৩. বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা ফেলেছিল কারা?
ক. রাজাকার বাহিনী খ. পাকিস্তানি হানাদার বাহিনী
গ. আলবদর বাহিনী ঘ. রাজাকার ও আলবদর বাহিনী
৪. কাদের হাতে নির্মমভাবে শহিদ হন রুহুল আমিন?
ক. আলবদর বাহিনীর হাতে খ. আলশামস বাহিনীর হাতে
গ. রাজাকারদের হাতে ঘ. পাকিস্তানি সৈন্যদের হাতে
৫. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মরণে কোথায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে?
ক. খুলনা শিপইয়ার্ডের কাছে খ. ভৈরব নদের তীরে
গ. মোংলা বন্দরের কাছে ঘ. বাগেরহাটে
২। শব্দগুলোর অর্থ লেখো: গৌরব, নির্মম, নিদ্রা, শায়িত, নির্মাণ
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. মোংলা বন্দর কারা দখল করে নিয়েছিল?
খ. রুহুল আমিন যুদ্ধজাহাজের কোন স্থানে ছিলেন? হানাদার বাহিনীর নিক্ষিপ্ত বোমা কোথায় পড়েছিল?
গ. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহিদ হয়েছিলেন?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. মোংলা বন্দর; ২. গ. ভৈরব নদ; ৩. খ. পাকিস্তানি হানাদার বাহিনী
৪. গ. রাজাকারদের হাতে; ৫. ক. খুলনা শিপইয়ার্ডের কাছে
২ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত শব্দ অর্থ প্রদত্ত শব্দ অর্থ
গৌরব গর্ব শায়িত শুয়ে আছে এমন
নির্মম নিষ্ঠুর নির্মাণ তৈরি
নিদ্রা ঘুম
৩ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা মোংলা বন্দর দখল করে নিয়েছিল।
(খ)
রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। হানাদার বাহিনীর নিক্ষিপ্ত বোমা এই ইঞ্জিনরুমের ওপরে পড়েছিল।
(গ)
পাকিস্তানি হানাদার বাহিনী বোমারু বিমান থেকে মুক্তিযোদ্ধাদের দুটি নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মার ওপর বোমাবর্ষণ করে। রুহুল আমিন ছিলেন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে। এই ইঞ্জিনরুমের ওপরে বোমা পড়ে। বোমার আঘাতে ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। রুহুল আমিনের ডান হাত উড়ে যায়। আহতাবস্থায় তিনি ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে ওঠেন। বোমার আঘাত থেকে রক্ষা পেলেও রাজাকারদের হাত থেকে তিনি রক্ষা পাননি। রাজাকারদের হাতেই নির্মমভাবে মৃত্যু হলো তাঁর। তিনি শহিদ হন।
৪ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব নিচে লেখা হলো—
মুক্তিযুদ্ধের শেষের দিকে মুক্তিযোদ্ধাদের দুটি নৌজাহাজ ভৈরব নদ বেয়ে খুলনা দখলের জন্য এগিয়ে আসছিল। পাকিস্তানি হানাদার বাহিনী জাহাজ দুটির ওপর বোমা বর্ষণ করলে একটি জাহাজের ইঞ্জিনরুমের ওপরে পড়ে। এতে রুহুল আমিন আহত হন এবং আহতাবস্থায় তিনি ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে ওঠেন। সেখানে অবস্থানরত রাজাকার বাহিনী তাঁকে নির্মমভাবে হত্যা করে। তিনি শহিদ হন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আমাদের গর্ব, আমাদের অহংকার।