পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল। নিজের দেশে নয়, বিদেশের মাটিতে। কানাডায় গিয়েছি। সেখানকার খুব বড় শহর টরন্টো। একদিন বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পের মজলিশে কথা উঠল—সবাই মিলে নায়াগ্রা দেখতে গেলে কেমন হয়। তখনই সবাই রাজি। কোন দিন যাওয়া হবে, তাও ঠিক হলো। কোথাও যাব বললেই তো হয় না, কীভাবে যাব তা ভাবতে হয়। বাসে করে যাওয়া যায়। কিন্তু বাসে চেপে গেলে নিজের ইচ্ছেমতো যেখানে-সেখানে থামা যায় না। অতএব ঠিক হলো, কোনো বন্ধুর একটা গাড়ি নিয়ে যাওয়া হবে।
তাই যাওয়া গেল একদিন। আমেরিকা কিংবা কানাডায় প্রায় সবারই নিজের গাড়ি থাকে। আমার বন্ধুরও ছিল। বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে! শাঁ শাঁ করে গাড়ি ছুটতে লাগল। এখানে রাস্তা মোটেই আঁকাবাঁকা থাকে না, রেললাইনের মতো সোজা। ফলে দ্রুতগতিতে গাড়ি চালানো সম্ভব হয়।
কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রা দেখতেই যেতে হবে কেন? নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতলভূমিতে গড়িয়ে পড়ে। তবে আকারে অনেক বিশাল। ঝরনা ছোট, আর জলপ্রপাত বড়—এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দুই জায়গাতেই ঘটছে। জল যদি না-ই পড়ে, তাহলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ছে, পড়ে যাচ্ছেটা কোথায়? জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া। ঝরনার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়। বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ এক বিশাল ফাটল। দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক। একটি নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। এটাও প্রপাত, কারণ পানি পড়ছে। তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়? নায়াগ্রা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। নায়াগ্রা কোথায় অবস্থিত?
ক. জাপান খ. ভারত গ. কানাডা ঘ. রাশিয়া
২। জলপ্রপাত দেখতে বাসে না যাওয়ার কারণ কী?
ক. ভাড়া বেশি খ. সেখানে বাস যায় না
গ. বাসে ইচ্ছেমতো থামা যায় না ঘ. সময় বেশি লাগে
৩। নায়াগ্রা কী?
ক. ভিন্ন রকমের জলপ্রপাত খ. ঝরনা
গ. খরস্রোতা নদী ঘ. সাধারণ জলপ্রপাত
৪। সাধারণত জলপ্রপাতের পানি কোথা থেকে গড়িয়ে পড়ে?
ক. পাহাড় থেকে খ. সমতলভূমি থেকে
গ. কোনো উঁচু স্থান থেকে ঘ. পাহাড়ি ঢল থেকে
৫। আহ্, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে!—এই বাক্যটিতে কোন কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে?
ক. সেমিকোলন ও দাঁড়ি খ. কমা ও প্রশ্নবোধক
গ. কমা ও বিস্ময়সূচক ঘ. সেমিকোলন ও বিস্ময়সূচক
২। নিচের শব্দগুলোর অর্থ লেখো।
তফাত, সৌভাগ্য, মজলিশ, পতন, সমতল
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. জলপ্রপাত বলতে কী বোঝো?
খ. জলপ্রপাত ও ঝরনার মধ্যে পার্থক্য কী?
গ. নায়াগ্রা জলপ্রপাতের দুটি বৈশিষ্ট্য লেখো।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
১ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. কানাডা ২. গ. বাসে ইচ্ছেমতো থামা যায় না
৩. ক. ভিন্ন রকমের জলপ্রপাত ৪. ক. পাহাড় থেকে
৫. গ. কমা ও বিস্ময়সূচক
২ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত শব্দ অর্থ
তফাত পার্থক্য
সৌভাগ্য ভালো ভাগ্য
মজলিশ গল্পগুজব করার আসর
পতন নিচে পড়া
সমতল উঁচু-নিচু নয় এমন
৩ নম্বর প্রশ্নের উত্তর
ক. পাহাড়ের ওপর থেকে নিচে সমতলভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়াকে জলপ্রপাত বলে।
খ. ঝরনা ও জলপ্রপাত দুটির পানিই পাহাড়ের ওপর থেকে সমতলভূমিতে গড়িয়ে পড়ে। তবে ঝরনা আকারে ছোট আর জলপ্রপাত আকারে বিশাল।
গ. নায়াগ্রা জলপ্রাতের দুটি বৈশিষ্ট্য হলো—১. পৃথিবীর বৃহত্ জলপ্রপাত নায়াগ্রা পাহাড় থেকে নামেনি।
২. সাধারণ জলপ্রপাতের মতো নায়াগ্রার পানি পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে বিশাল এক ফাটলের গহ্বরে।
৪ নম্বর প্রশ্নের উত্তর
অনুচ্ছেদটির মূলভাব নিচে লেখা হলো—
পৃথিবীর সবচেয়ে বৃহত্ জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাত সাধারণ জলপ্রপাতের মতো পাহাড়ের ওপর থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে খরস্রোতা নদীর মতো বয়ে গিয়ে পড়ছে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু এই পানি ফাটলের মধ্যে পড়ে কোথায় যাচ্ছে, কেউ জানে না।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা