
ভাবুক ছেলেটি
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বাঙালির গৌরব বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে নিয়ে লেখা ‘ভাবুক ছেলেটি’।
প্রশ্ন: অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কী প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার জগদীশচন্দ্র বসু ১৯১৬ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের দুই বছর পর তিনি ‘জগদীশচন্দ্র বসু বিজ্ঞানমন্দির’ প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞানমন্দিরে গবেষণা পরিচালনা করেন।
প্রশ্ন: জগদীশচন্দ্র বসুর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে?
উত্তর: জগদীশচন্দ্র বসু ১৮৯৫ সালে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডারসহ বিভিন্ন যন্ত্রে।
মাত্র ১৮ মাসের মধ্যে করা তাঁর এই পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এসবের ভিত্তিতেই বক্তৃতা দিয়ে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিতে খ্যাতি অর্জন করেন; যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বিদ্যুত্ তরঙ্গ সম্পর্কে তাঁর বক্তৃতা। তাঁর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল ১৮৯৮ সালের ‘বিদ্যুত্-রশ্মির সমাবর্তন’ বক্তৃতা। এই বক্তৃতার প্রধান বিষয় ছিল ‘বিদ্যুত্-চুম্বকীয় তরঙ্গ’।
প্রশ্ন: বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: ১৯২৭ সালে লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর সফলতাকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও-নিউটনের সঙ্গে তুলনা করে প্রতিবেদন প্রকাশ করে। বাঙালির গর্ব, সফল বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে বিজ্ঞানী গ্যালিলিও-নিউটনের সঙ্গে তুলনা করে তিনি যে তাঁদের সমকক্ষ, তার স্বীকৃতিও দেওয়া হয়।
প্রশ্ন: ‘জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে একেকটি বিজয় স্তম্ভ’—এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন?
উত্তর: জগদীশচন্দ্র বসুর আবিষ্কারগুলো ছিল আলোড়ন সৃষ্টিকারী। তাঁর আবিষ্কারে মুগ্ধ হয়ে বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, ‘জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে একেকটি বিজয় স্তম্ভ।’
প্রশ্ন: ‘পলাতক তুফান’ লেখাটির নাম আগে কী ছিল? জগদীশচন্দ্র বসুর কোন বইয়ে এটি ছাপা হয়?
উত্তর: জগদীশচন্দ্র বসু শিশুদের জন্য বাংলা ভাষায় অনেক বই লিখেছেন। ‘পলাতক তুফান’ নামে তাঁর লেখাটির আগের নাম ছিল ‘নিরুদ্দেশের কাহিনী’। এটি বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি। পরে এটি ‘পলাতক তুফান’ নামে তাঁর অব্যক্ত নামক বইয়ে প্রকাশিত হয়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা