
কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে, আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: তোমার মা বাড়িতে কী ধরনের পিঠা বানান, তা লেখো।
উত্তর: আমার মা বাড়িতে নানা রকম পিঠা বানান। এগুলো হলো ভাপা, পাটিসাপটা, চিতই, চন্দ্রপুলি, মিষ্টিকুলি।
প্রশ্ন: অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কী হতো?
উত্তর: অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো রাজা আর কখনো সুস্থ হয়ে উঠতেন না।
অচেনা লোকটির বুদ্ধিতে সুচ রাজা ও রানি কাঞ্চনমালার কষ্ট দূর হয়। অচেনা লোকটির মন্ত্রবলে রাজার শরীরের সব সুচ নকল রানির শরীরে গেঁথে যায়। লোকটি যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসত, তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন।
প্রশ্ন: তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজা প্রাণে রক্ষা পেলেন?
উত্তর: হ্যাঁ, আমি মনে করি অচেনা লোকটির কারণেই রাজা প্রাণে রক্ষা পেলেন।
প্রশ্ন: গল্পটি তোমার কেমন লেগেছে? কেন এমন লেগেছে?
উত্তর: ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্পটি আমার খুব ভালো লেগেছে।
গল্পটি থেকে আনন্দ পাওয়ার পাশাপাশি অনেক কিছু শিখতেও পেরেছি আমি। প্রতিজ্ঞা পালনের গুরুত্ব, প্রতারণা ও লোভের কুফল, বুদ্ধির শ্রেষ্ঠত্ব ইত্যাদির ধারণা পেয়েছি আমি। তা ছাড়া আসল বন্ধুত্বের ভালোবাসা কেমন হয়, সে বিষয়টিও বুঝতে পেরেছি। সব মিলিয়ে এই গল্পটি আমার ভালো লেগেছে।
প্রশ্ন: কীভাবে লোকেরা নকল রানিকে বুঝে ফেলল?
উত্তর: অচেনা মানুষটির ফরমাশে কাঁকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করেন আর উঠানে আলপনা আঁকেন। কাঁকনমালার তৈরি পিঠা ছিল বিস্বাদ এবং আলপনা ছিল অসুন্দর। অন্যদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু, মজাদার এবং আলপনা আঁকাও ছিল চমত্কার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন দেখেই লোকেরা বুঝে ফেলল, কে আসল রানি আর কে দাসী।
প্রশ্ন: রাজা কীভাবে তাঁর প্রতিজ্ঞা পালন করলেন?
উত্তর: অচেনা মানুষটি কৌশলে রাজার সব সুচ নকল রানির গায়ে বিঁধিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলেন। বহু বছর পর রাজা দেখেন সূর্যের আলো, সবুজ পাতা আর সামনে দেখেন সেই অচেনা মানুষটিকে। এক নজরেই রাজা চিনতে পারেন, ওই মানুষটি আর কেউ নয়, রাজার ছেলেবেলার রাখাল বন্ধু। ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তাঁর মনে পড়ে যায়। রাখাল বন্ধুকে জড়িয়ে ধরে রাজা তাঁর ভুলের জন্য ক্ষমা চাইলেন। আর সেই দিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তাঁর প্রতিজ্ঞা পালন করলেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা