
* কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি।
নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য।
উত্তর:
নিঝুম—নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়।
সুখ—বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়।
রাজপুত্র—রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে বাঁশির সুর শোনে।
প্রতিজ্ঞা—প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়।
টনটন—সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করে।
ময়ূর—ময়ূর দেখতে খুব সুন্দর।
পদ্মলতা—কাঞ্চনমালা উঠানে পদ্মলতা আঁকেন।
চিনচিন—রাজার সুচবেঁধা শরীর চিনচিন করে জ্বলতে থাকে।
ঝলমল—শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝলমল করে ওঠে।
বাঁশি—রাখাল বন্ধুর বাঁশির সুর রাজপুত্রের খুব ভালো লাগে।
রাজ্য—রাজার অসুস্থতায় রাজ্য সংসার অচল হয়ে যায়।
প্রশ্ন: নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি।
ব্যথায় টনটন করা—খুব ব্যথা করা। সুচ বিঁধায় রাজার শরীর ব্যথায় টনটন করত দিনরাত।
খুশিতে ঝলমলিয়ে ওঠা—মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।
প্রশ্ন: গল্পে ‘টনটন’, ‘থমথম’—এ রকম শব্দ আছে। এ ধরনের আরও কয়েকটি শব্দের ব্যবহার শিখি।
ভনভন, টনটন, থইথই, রইরই, কনকন, ঝনঝন।
উত্তর:
ভনভন—চারদিকে মাছি ভনভন করছে।
টনটন—রাজার সারা শরীর ব্যথায় টনটন করছে।
থইথই—বর্ষার পানিতে চারপাশ থইথই করছে।
রইরই—হইহই কাণ্ড আর রইরই ব্যাপার।
কনকন—কনকনে ঠান্ডায় আগুন পোহানোর মজাই আলাদা।
ঝনঝন—যুদ্ধের ময়দানে ঢাল-তলোয়ার ঝনঝন করে উঠল।
প্রশ্ন: যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো।
হ্ম, ক্ব, ণ্ড, ণ্ট, ঞ্চ
উত্তর:
যুক্তবর্ণ শব্দ
হ্ম ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া
ক্ব পরিপক্ব, ক্বচিত্
ণ্ড গণ্ডি, পাষণ্ড
ণ্ট ঘণ্টা, কণ্টক
ঞ্চ পঞ্চম, সঞ্চয়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা