* প্রার্থনা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘প্রার্থনা’ কবিতা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: ‘অনন্ত অসীম প্রেমময় তুমি’—এই চরণ পড়ে আমরা কী বুঝি?
উত্তর: এই চরণ পড়ে আমরা বুঝি যে সৃষ্টির প্রতি সৃষ্টিকর্তার ভালোবাসা ও দয়ার কোনো কমতি নেই, সীমা নেই। তিনি ভালোবাসেন বলে আমাদের জন্য এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন।
প্রশ্ন: আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি?
উত্তর: সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ও দয়াময়। তিনি আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা আমরা যেন সঠিক, সুন্দর ও ন্যায়ের পথে চলতে পারি। তাই আমরা তাঁর কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি।
প্রশ্ন: আমরা কোন পথে চলতে চাই না? কেন?
উত্তর: যে পথে রয়েছে সৃষ্টিকর্তার অভিশাপ, যে পথ ভুল ও পরিতাপের, সেই পথে আমরা চলতে চাই না। এতে আল্লাহর সন্তুষ্টি নেই।
প্রশ্ন: অভিশপ্ত ও ভ্রান্ত পথে চললে আমাদের কী কী ক্ষতি হতে পারে, তা বলি ও লিখি।
উত্তর: যে পথে চলা আমাদের জীবনের জন্য ক্ষতিকর, তা-ই ভুল পথ। ভুল পথে চলা আমাদের কারও উচিত নয়। অভিশপ্ত ও ভ্রান্ত পথে চললে আমাদের যেসব ক্ষতি হতে পারে, তা নিচে দেওয়া হলো:
১. বিপদে পড়ার আশঙ্কা থাকে
২. জীবনে সফলতা লাভ করা যায় না
৩. শত্রুরা ক্ষতি করার সুযোগ পায়
৪. স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হতে হয়
৫. কখনো কখনো মৃত্যুও হতে পারে
তাই আমাদের সব সময় অভিশপ্ত ও ভুল পথ ত্যাগ করে চলা উচিত।
প্রশ্ন: সৃষ্টিকর্তার কাছে আমি কী প্রার্থনা করি?
উত্তর: আমরা যেন ভুল পথ ত্যাগ করে সহজ-সরল সঠিক পথে চলতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাদের সরল-সঠিক পথে চলার সাহস দেন। বিপদে পড়লে আমরা যেন মুক্ত হতে পারি। আর জগতের সবাই যেন সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে। এসব প্রার্থনাই আমি সৃষ্টিকর্তার কাছে করি।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা