বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শালবনবিহার ময়নামতির একটি উল্লেখযোগ্য প্রত্নস্থল ষ ছবি: প্রথম আলো
শালবনবিহার ময়নামতির একটি উল্লেখযোগ্য প্রত্নস্থল ষ ছবি: প্রথম আলো

মাটির নিচে যে শহর

প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে শহর’ প্রবন্ধ থেকে আলোচনা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: কোন কোন নিদর্শন থেকে উয়ারী-বটেশ্বরের সময়কাল জানা যায়?
উত্তর: যেসব নিদর্শন থেকে উয়ারী-বটেশ্বরের সময়কাল জানা যায় তা হলো—
ক. ১৯৩৩ সালে উয়ারী গ্রামের শ্রমিকেরা মাটি খনন করার সময় প্রাচীনতম কিছু মুদ্রা পান। স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্যমুদ্রা চিহ্নিত করেন।
খ. ১৯৫৬ সালে উয়ারী গ্রামের মাটি খনন করার সময় ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার ভান্ডার পাওয়া যায়, যা অনেক কাল আগের বলে ধারণা করা হয়।
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননের সময় আড়াই হাজার বছর আগের প্রাচীন দুর্গ, শহরের ধ্বংসাবশেষ, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, কাচের পুঁতি ও মুদ্রাভান্ডারের সন্ধান পান।
ঘ. ২০০০ সালে প্রাপ্ত কিছু নিদর্শন গবেষণা করে প্রত্নতত্ত্ববিদেরা নিশ্চিত হন যে উয়ারী-বটেশ্বরের প্রাচীন সভ্যতার সময়কাল আজ থেকে প্রায় ২ হাজার ৪৬৩ বছর আগের।

প্রশ্ন: বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লেখো।

উত্তর: ময়নামতি অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ একটি ঐতিহাসিক এলাকা। এলাকাটি বাংলাদেশের কুমিল্লা শহরের অদূরে টিলাসমৃদ্ধ উঁচু ভূমিতে অবস্থিত। ১৯৫৫ সালে এখানে ‘আনন্দবিহার’ নামে একটি প্রত্নস্থল আবিষ্কৃত হয়। এখানে বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন পাওয়া যায়।

কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ী এলাকায় ময়নামতি আনন্দবিহার অবস্থিত। এটি নির্মিত হয় অষ্টম শতাব্দীতে।

এই স্থানের নাম রাখা হয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামানুসারে। অষ্টম শতাব্দীর কোনো একসময় প্রথম দেব বংশের তৃতীয় শাসক আনন্দ দেব এটি নির্মাণ করেন।

প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো সংরক্ষণের জন্য এখানে একটি সুন্দর জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এর বাইরের প্রাচীর ও ভেতরে বারান্দার দেয়াল নকশা করা ইট দিয়ে তৈরি। এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে অসংখ্য রৌপ্যমুদ্রা, ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ভাস্কর্য, ফলক, মৃত্পাত্রসহ আরও অনেক কিছু।

আনন্দবিহার বাংলার তথা বিশ্বের প্রাচীন ইতিহাস উপস্থাপন করে। সে জন্য এর গুরুত্ব অনেক। আন্তর্জাতিক ঐতিহাসিক পুরাকীর্তি ও নিদর্শনের অন্তর্ভুক্ত এই আনন্দবিহার।

পৃথিবীর প্রতিটি দেশের ইতিহাস নির্ভর করে তার পুরোনো সভ্যতা, পুরাকীর্তি ও নিদর্শনের ওপর। এটি আবিষ্কৃত হওয়ার পর বাংলার প্রাচীন ইতিহাস আরও বেশি সমৃদ্ধ হয়েছে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা