
* ঘাসফুল
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে জ্যোতিরিন্দ্র মৈত্র রচিত কবিতা ‘ঘাসফুল’ নিয়ে আলোচনার অনুশীলনী পর্যায়ে আজ রয়েছে ‘আমার প্রিয় ফুল’ শীর্ষক একটি রচনা ।
প্রশ্ন: ‘আমার প্রিয় ফুল’ সম্পর্কে একটি রচনা লেখো।
(ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, কোথায় জন্মে, ব্যবহার, কেন প্রিয় ফুল)
উত্তর:
আমার প্রিয় ফুল
সূচনা: মানুষ সুন্দরকে ভালোবাসে। আমরা আমাদের চারপাশে সুন্দর যা কিছু দেখি, তা পছন্দ করি। আমি ফুল খুব ভালোবাসি।
প্রিয় ফুলের নাম: সব ধরনের ফুলই আমার ভালো লাগে। তবে সেগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ফুল হলো শাপলা। এটি আমাদের জাতীয় ফুল।
ফুলের বিভিন্ন অংশের বর্ণনা: মূল থেকে উঠে আসা ডাঁটার ওপর ফুল ফোটে। ফুলের প্রতি স্তরে কয়েকটি করে পাপড়ি থাকে। শাপলা ফুলের মৃদু গন্ধ আছে।
যেসব স্থানে হয়: শাপলা একপ্রকার জলজ ফুল। এর মূল মাটির নিচে থাকে। বর্ষায় এর ডাঁটা বের হয়। সেটি পানির ওপরে উঠে এলে তা থেকে কালচে সবুজ পাতা ও ফুল ফোটে। বাংলাদেশের প্রায় সব জলাবদ্ধ এলাকায় শাপলা ফুল ফুটতে দেখা যায়।
প্রকারভেদ ও রং: শাপলা ভারি সুন্দর ফুল। এটি একটি পদ্ম গোত্রীয় ফুল। আমাদের দেশে তিন রকমের শাপলা জন্মে—সাদা, লাল ও নীল। সাদা শাপলাকেই জাতীয় ফুল হিসেবে গণ্য করা হয়েছে।
ব্যবহার: গ্রামবাংলার ছেলেমেয়েরা শাপলা ফুল দিয়ে নানাভাবে সাজগোজ ও খেলাধুলা করে। খাদ্য হিসেবে শাপলার কোমল ডাঁটা খুবই মুখরোচক। তা ছাড়া শাপলা ফুলের দানার খই (ঢ্যাপের খই) গ্রামের শিশু-কিশোরদের কাছে খুবই প্রিয়। গ্রামের দরিদ্র অনেকেই শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে।
প্রিয় ফুল হওয়ার কারণ: শাপলা ফুল দেখতে খুব সুন্দর। বাংলাদেশের অসংখ্য ফুলের মধ্যে শাপলা সবচেয়ে পরিচিত। দেশের সব জায়গায় এর স্নিগ্ধ হাস্যময় রূপটি দেখা যায়। কোনোরূপ যত্ন ও পরিচর্যা ছাড়াই শাপলা ফুল ফোটে। প্রকৃতিকে শোভাময় করে তোলে। এর মৃদু গন্ধ আমার খুব ভালো লাগে। তাই শাপলা আমার প্রিয় ফুল।
উপসংহার: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্ত আয়োজনে শাপলা ফুল অন্যতম উপাদান। শাপলার নিরাভরণ সহজ সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়ায়, প্রাণ জুড়ায়। তাই শাপলা আমাদের জাতীয় ফুল।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা