বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ:  

   যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে অনুচ্ছেদভিত্তিক। এ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। অনুশীলনের সুবিধার্থে নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো:-

বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে অনেক। এদের নামও ভারি মিষ্টি: তিস্তা, করতোয়া, ইছামতী, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও খুব চমত্কার: কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, সাম্পান, ময়ূরপঙ্খি। নদীর বাঁকে বাঁকে রয়েছে জেলেদের গ্রাম। নৌকা আর জাল নিয়ে সারা দিন তারা নদীর বুকে ভেসে বেড়ায় আর মাছ ধরে। পদ্মা-মেঘনায় ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এ দেশের সাগর, নদী, খাল আর বিলে পাওয়া যায় নানা রকমের মাছ। সাগরের মাছের মধ্যে রয়েছে রুপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্যা, ছুরি ও ফাইস্যা মাছ। নদী আর খাল-বিলে পাওয়া যায় রুই, কাতলা, মৃগেল, ভেটকি, চিতল, বোয়াল, শোল, কই, মাগুর, শিং, পাবদা, পুঁটি ও আরও নানা জাতের মাছ। ভাত আর মাছ আমাদের প্রিয় খাবার। এ জন্যই আমরা বলি, ‘মাছে-ভাতে বাঙালি’।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:-

১. ওপরের পাঠটি কোন বিষয়ের ওপর লেখা?

ক. পরিবেশ খ. বাংলাদেশের মাছ

গ. বাংলাদেশের নদ-নদী ঘ. বাংলাদেশের প্রকৃতি

২. এ দেশের মানুষের সঙ্গে কার গভীর মিতালি?

ক. সাগরের খ. নদীর গ. গাছগাছালির ঘ. আকাশের

৩. বাংলাদেশের বুকের ওপর দিয়ে কী বয়ে গেছে?

ক. অসংখ্য নদী খ. জলাশয় গ. বিল ঘ. সাগর

৪. নিচের কোনটি বাংলাদেশের বড় নদী?

ক. সুরমা খ. পদ্মা গ. গড়াই ঘ. সাঙ্গু

৫. কোন মাছ নদী আর খালে-বিলে পাওয়া যায়?

ক. রুই, কাতলা ও পুঁটি খ. কোরাল

গ. ইলিশ ঘ. লইট্যা ও রুপচাঁদা।

৫ নম্বর প্রশ্নের উত্তর:

১. গ. বাংলাদেশের নদ-নদী ২. খ. নদীর ৩. ক. অসংখ্য নদী ৪. খ. পদ্মা ৫. ক. রুই, কাতলা ও পুঁটি।

৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:-

শব্দ          শব্দার্থ       শব্দ          শব্দার্থ

মিতালি        বন্ধুত্ব            বায়ু             বাতাস

সঙ্গে            সাথে            অসংখ্য         অগণিত

ভারি            খুব              সাগর           সমুদ্র

ক. সবার — বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত।

খ. বাংলাদেশে নদী আছে—।

গ. বসন্ত ঋতুতে মৃদুমন্দ — বয়ে যায়।

ঘ. নদীর সাথে আমাদের গভীর —।

ঙ. বাংলাদেশের নদ-নদীর নাম — মিষ্টি।

৬ নম্বর প্রশ্নের উত্তর:

ক. সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত।

খ. বাংলাদেশে নদী আছে অসংখ্য।

গ. বসন্ত ঋতুতে মৃদুমন্দ বায়ু বয়ে যায়।

ঘ. নদীর সাথে আমাদের গভীর মিতালি।

ঙ. বাংলাদেশের নদ-নদীর নাম ভারি মিষ্টি।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:-

ক. বাংলাদেশের চারটি বড় নদ-নদী ও একটি ছোট নদীর নাম লেখো।

খ. ‘নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি।’ কথাটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।

গ. নদ-নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক কেমন তা পাঁচটি বাক্যে লেখো।

৭ নম্বর প্রশ্নের উত্তর:

ক. বাংলাদেশের চারটি বড় নদ-নদী হচ্ছে: ১. পদ্মা,

২. মেঘনা, ৩. যমুনা, ৪. ব্রহ্মপুত্র।

বাংলাদেশের একটি ছোট নদী হলো মাতামুহুরী।

খ. বাংলাদেশের মানুষ নানা কারণে নদ-নদীর ওপর নির্ভরশীল। নদীর তীরে তীরে মানুষ তৈরি করে বাড়িঘর। নদীতে মাছ ধরে, নৌকা দিয়ে মানুষজন পারাপার করে, হাটের জিনিসপত্র আনা-নেওয়া করে। এভাবে যুগ যুগ ধরে এ দেশের মানুষের সঙ্গে নদীর গভীর সম্পর্ক গড়ে উঠেছে। আর এ কারণে বলা হয়েছে নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি।

গ. বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। এসব নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের রয়েছে নাড়ির সম্পর্ক। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এসব বড় নদী ছাড়াও বাংলাদেশে অনেক ছোট নদীও রয়েছে। এসব নদী হলো এ দেশের প্রাণ। নদীগুলো বাংলাদেশের মানুষকে প্রকৃত বন্ধুর মতো নানাভাবে সহযোগিতা করে থাকে।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা