বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৬৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৩৫ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৩ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এই পাতার প্রতিটি লেখা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রয়েল বেঙ্গল টাইগারকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে ষ ছবি: খালেদ সরকার
রয়েল বেঙ্গল টাইগারকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে ষ ছবি: খালেদ সরকার

পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ:

 যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে অনুচ্ছেদভিত্তিক। এই প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। অনুশীলনের সুবিধার্থে নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দুনিয়াজুড়ে কত বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে পানিতে, কেউ ডাঙায়। পৃথিবীর বড় বড় চিড়িয়াখানায় গেলে বোঝা যায়, প্রাণিজগত্ কত বিচিত্র। বাংলাদেশে কিছু কিছু জীবজন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে গণ্ডার, বুনো গরু, বুনো মহিষ, বুনো ছাগল, বুনো কুকুর প্রভৃতি। এর মূল কারণ নির্বিচারে শিকার, প্রাকৃতিক বিপর্যয়, বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ প্রভৃতি। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীদের মধ্যে আরও আছে মিঠাপানির কুমির, রাজশকুন, হনুমান, নীলগাই প্রভৃতি। বাঘ, হাতি, হরিণ, বনমোরগ, কুমির, কচ্ছপ, গুইসাপ, বনরুই, গয়াল, সজারু, কাঠবিড়ালি প্রভৃতি এখন আর খুব বেশি নেই। এমনকি সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারও এখন সংখ্যায় কমে গেছে। জীববৈচিত্র্য রক্ষার জন্য এসব প্রাণী বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১। প্রাণিজগতে বিস্ময় সৃষ্টিকারী প্রাণীর সংখ্যা দিন দিন কী হচ্ছে?

ক. মরে যাচ্ছে খ. বিলুপ্ত হচ্ছে

গ. সংখ্যায় বাড়ছে ঘ. কমে আসছে

২। প্রাণিজগত্ ধ্বংস করা কিসের সমতুল্য?

ক. প্রাণী ধ্বংস খ. প্রাকৃতিক নিয়ম ধ্বংস

গ. বন ধ্বংস ঘ. প্রতিকূল পরিবেশ

৩। প্রাণিজগতের জীবজন্তুর সংখ্যা কমে যাওয়ার কারণ কী?

ক. খাদ্যের অভাব খ. নির্বিচারে শিকার

গ. অনুপযোগী পরিবেশ ঘ. চিড়িয়াখানায় বন্দী

৪। রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে কোন বনটির নাম জড়িয়ে রয়েছে?

ক. সুন্দরবন খ. ভাওয়ালগড় গ. শালবন ঘ. ঝাউবন

৫। নিচের কোনটি মিঠাপানির প্রাণী?

ক. হাঙর খ. কুমির গ. বনরুই ঘ. তিমি

৫ নম্বর প্রশ্নের উত্তর

১. ঘ. কমে আসছে ২. খ. প্রাকৃতিক নিয়ম ধ্বংস

৩. খ. নির্বিচারে শিকার ৪. ক. সুন্দরবন

৫. খ. কুমির

৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।

শব্দ                     শব্দার্থ

বিচিত্র                         নানারূপে চিত্রিত

বিলুপ্ত                          বিলীন

নির্বিচারে                     বিচার-বিবেচনা না করে

বিপর্যয়                        বিশৃঙ্খল অবস্থা

দুনিয়া                         সারা বিশ্ব

ক. বন্য প্রাণী এখন — হতে চলেছে।

খ. — গাছ কাটায় পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

গ. — জুড়ে রয়েছে বিচিত্র সব প্রাণীর বাস।

ঘ. কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় পরিবেশ — সম্মুখীন।

ঙ. বাংলাদেশের প্রকৃতি — ধরনের।

৬ নম্বর প্রশ্নের উত্তর

ক. বিলুপ্ত খ. নির্বিচারে গ. দুনিয়া ঘ. বিপর্যয়ের

ঙ. বিচিত্র

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? ৫টি বাক্যে লেখো।

খ. প্রাণীদের বাঁচিয়ে রাখা উচিত কেন? ৫টি বাক্যে উল্লেখ করো।

গ. জীববৈচিত্র্য রক্ষার ৫টি উপায় লেখো।

৭ নম্বর প্রশ্নের উত্তর

ক.

জীববৈচিত্র্য বলতে নানা শ্রেণির জীবজন্তুর বসবাসক্ষেত্র ও বিচরণ এবং এর ভিন্নতা বোঝায়। জীববৈচিত্র্য আমাদের প্রাণিজগতে এক নতুন বিস্ময় সৃষ্টি করেছে। জীবজন্তু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশকেও রক্ষা করে জীবজন্তু। জীববৈচিত্র্য বিশ্ব-প্রকৃতির এক অনন্য উপাদান।

খ.

জীবজন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ। এগুলো ধ্বংস হওয়ার অর্থ প্রাকৃতিক বিপর্যয় সাধন। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক নিয়মের ভারসাম্য বজায় রাখা জরুরি। আর প্রাণিজগতের সুষ্ঠু বিকাশই আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে আমাদের অবশ্যই সব ধরনের প্রাণী বাঁচিয়ে রাখা উচিত।

গ.

জীববৈচিত্র্য রক্ষার পাঁচটি উপায় নিচে দেওয়া হলো—

১. বন্য প্রাণী নির্বিচারে শিকার না করা।

২. নির্বিচারে বনের গাছ না কেটে প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তোলা।

৩. বনাঞ্চলে মানুষের অবাধ অনুপ্রবেশ বন্ধ করা।

৪. সরকার গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা।

৫. সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন দৃষ্টি রাখা।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা