>প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৬৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৩৫ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৩ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এই পাতার প্রতিটি লেখা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে অনুচ্ছেদ বা কবিতাংশভিত্তিক। প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। অনুশীলনের সুবিধার্থে নমুনা কবিতাংশ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের কবিতাংশটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলেও জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
৫। সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। ওপরের কবিতাংশটি যে বিষয় নিয়ে রচিত—
ক. মুনি-ঋষি খ. সাধক গ. চাষি ঘ. ব্যবসায়ী
২। সব সাধকের বড় সাধক কে?
ক. দধীচি খ. শিক্ষক গ. ডাক্তার ঘ. আমার দেশের চাষা
৩। ‘ব্রত’ শব্দের অর্থ কী?
ক. সাধনা খ. উপকার গ. একত্র ঘ. দেহ
৪। দধীচি কে?
ক. একজন সাধক খ. একজন পথিক
গ. একজন ব্যক্তি ঘ. একজন ব্যবসায়ী
৫। দধীচি কি তার চেয়ে সাধক ছিল বড়? এখানে কোন যতিচিহ্নটি ব্যবহার করা হয়েছে?
ক. দাঁড়ি খ. কমা গ. প্রশ্নবোধক ঘ. আশ্চর্যবোধক
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. চাষি ২. ঘ. আমার দেশের চাষা ৩. ক. সাধনা ৪. ক. একজন সাধক
৫. গ. প্রশ্নবোধক
৬. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ -
সাধক- সাধনা করে যে
ব্রত -সাধনা
পুণ্য -সত্কার্য
হিত- উপকার
জড়ো -একত্র
ক. লালন শাহ ছিলেন একজন বড়—।
খ. সভা করার জন্য সবাই এক জায়গায়—হয়েছে।
গ. শেরেবাংলা এ কে ফজলুল হক কৃষকের অনেক—সাধন করেছেন।
ঘ. মানুষের খাদ্যের জোগান দেওয়া—কাজ।
ঙ. ছাত্রছাত্রীদের প্রধান—হলো পড়াশোনা।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. সাধক খ. জড়ো গ. হিত ঘ. পুণ্য ঙ. ব্রত
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবি চাষিকে ‘বড় সাধক’ বলেছেন কেন? পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
খ. চাষিদের কাছ থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত?
গ. চাষি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক.
কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যিনি একান্তভাবে চেষ্টা করেন, তাঁকে সাধক বলে। কৃষিপ্রধান বাংলাদেশের সব মানুষের খাদ্যের জোগান দেন চাষিরা। ঝড়, বৃষ্টি, রোদ উপেক্ষা করে তাঁরা দিন-রাত পরিশ্রম করে ফসল ফলান। তাঁদের এই কাজ কঠিন সাধনার। তাই কবি চাষিকে বড় সাধক বলেছেন।
খ.
চাষিরা দিন-রাত পরিশ্রম করেন; রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে দেশের মানুষের জন্য খাদ্য উত্পাদন করেন। খাদ্যের জোগান দেন। তাঁদের এই কাজ কঠিন সাধনার। তাঁদের কাছ থেকে আমাদের পরোপকারিতা, নিরংহকারী ও মহান হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ, তাঁরা তাঁদের এই কাজের জন্য কখনো গর্ব করেন না, কোনো প্রশংসা বা প্রতিদানও আশা করেন না। সে জন্য তাঁদের ত্যাগ ও মহত্ত্বের তুলনা হয় না।
গ.
চাষি সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো:
১। পৃথিবীতে যত সাধক আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বড় সাধক হলেন চাষি।
২। চাষিরা কখনো নিজ কাজের জন্য গর্ব করেন না, অহংকারও করেন না।
৩। নিঃস্বার্থভাবে চাষিরা দেশের সব মানুষের জন্য খাদ্য উত্পাদন ও সরবরাহ করে থাকেন।
৪। সারা জীবন পরোপকারের মধ্য দিয়ে চাষিরা তাঁদের জীবনকে সার্থক করে তোলেন।
৫। দেশের সব শ্রেণির মানুষের কাছে চাষিরা হলেন শ্রদ্ধেয় ব্যক্তি।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা