বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ:

   যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে অনুচ্ছেদ অথবা কবিতাংশভিত্তিক। প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। অনুশীলনের সুবিধার্থে আজ একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।

এক বনে ছিল এক কাঠুরে। সে ছিল খুব গরিব। সে রোজ কাঠ কেটে বাজারে বেচত। একদিন সে কাঠ কাটতে নদীর ধারে গেল। সে গাছের একটা ডাল কাটছিল। হঠাত্ তার হাত ফসকে কুড়ালটা নদীর পানিতে পড়ে গেল। নদীতে ছিল অনেক স্রোত। তা ছাড়া ছিল কুমিরের ভয়। তার নতুন কুড়াল কেনার সামর্থ্যও ছিল না। নিরুপায় হয়ে সে মনের দুঃখে কাঁদতে লাগল। হঠাত্ নদী থেকে এক জলপরি উঠে এসে প্রশ্ন করল, তুমি কাঁদছ কেন? কাঠুরে বলল, আমি বড় গরিব। আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেঁদো না, তোমার কুড়াল এনে দিচ্ছি। জলপরি নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল এনে বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, না। জলপরি আবার ডুব দিয়ে একটা রুপার কুড়াল এনে বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, না, এটাও নয়। জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে বলল, এটা কি তোমার? কাঠুরে কুড়ালটি দেখে বলল, হ্যাঁ, এটাই আমার।

জলপরি কাঠুরের এই সততা দেখে মুগ্ধ হলো। সে তাকে লোহার কুড়ালটি ফিরিয়ে দিল। আর উপহার হিসেবে দিল সোনার ও রুপার কুড়াল দুটিও। কুড়াল দুটো বিক্রি করে সে অনেক

টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগল সুখে ও স্বাচ্ছন্দ্যে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১. ওপরের অনুচ্ছেদটি কোন বিষয় নিয়ে লেখা?

ক. বেখেয়াল

খ. ভুল থেকে শেখা

গ. সততা ঘ. ফিরে পাওয়া

২. নদীর তীরে দাঁড়িয়ে কে কাঁদতে লাগল?

ক. জলপরি খ. কাঠুরে

গ. জেলে ঘ. মাঝি

৩. জলপরি কোথা থেকে উঠে এল?

ক. নদীর পানি থেকে খ. গাছ থেকে

গ. সাগর থেকে ঘ. বন থেকে

৪. জলপরি প্রথমে কোন কুড়াল নিয়ে এল?

ক. সোনার খ. রুপার

গ. লোহার ঘ. দস্তার

৫. জলপরি কাঠুরেকে কোন কোন কুড়াল উপহার দিল?

ক. সোনা ও লোহার খ. সোনা ও রুপার

গ. সোনার ঘ. লোহার

৫ নম্বর প্রশ্নের উত্তর:

১. গ. সততা ২. খ. কাঠুরে ৩. ক. নদীর পানি থেকে ৪. ক. সোনার ৫. খ. সোনা ও রুপার।

৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।

শব্দ               শব্দার্থ

স্রোত              জলপ্রবাহ।

নিরুপায়           উপায়হীন।

বিক্রি              বেচে দেওয়া।

মুগ্ধ                বিভোর।

উপহার            খুশি হয়ে দেওয়া বস্তু।

ক. নদীতে খুব — ছিল।

খ. কাঠুরে — হয়ে মনের দুঃখে কাঁদতে লাগল।

গ. কাঠুরে কাঠ — করে সংসার চালাত।

ঘ. জলপরি কাঠুরের সততায় — হলো।

ঙ. আমি একটি — পেয়েছি।

৬ নম্বর প্রশ্নের উত্তর:

ক. স্রোত খ. নিরুপায় গ. বিক্রি

ঘ. মুগ্ধ ঙ. উপহার।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. পাঁচটি বাক্যে কাঠুরের জীবন নির্বাহের ধরন বর্ণনা করো।

খ. জলপরি কাঠুরেকে কেন এবং কীভাবে পুরস্কৃত করল? তা পাঁচটি বাক্যে লেখো।

গ. তোমার চেনা জানা পাঁচ ধরনের পেশাজীবীর নাম লেখো।

৭ নম্বর প্রশ্নের উত্তর:

ক

কাঠুরে ছিল খুব গরিব। তার জীবন ছিল খুব কষ্টের। তার একমাত্র সম্বল ছিল একটা লোহার কুড়াল। লোহার কুড়াল দিয়ে সে প্রতিদিন বনে কাঠ কাটত এবং বাজারে বিক্রি করত। আর এভাবেই কাঠ কেটে বাজারে বিক্রি করে কাঠুরে জীবিকা নির্বাহ করত।

খ

কাঠুরে ছিল অত্যন্ত গরিব। লোহার কুড়াল দিয়ে সে প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত। কিন্তু তার একমাত্র সম্বল কুড়ালটি নদীতে পড়ে গেলে সে মনের দুঃখে, ক্ষোভে কাঁদতে থাকে। জলপরি পানি থেকে উঠে এসে তাকে সোনার ও রুপার কুড়াল দেখালেও সে তা নেয় না বরং লোহার কুড়াল দেখে সে খুশি হয়। এতে জলপরি খুশি হয়ে লোহার কুড়ালের সাথে তাকে সততার পুরস্কার হিসেবে সোনার ও রুপার কুড়াল দুটোও উপহার দিল।

গ

আমার চেনা জানা পাঁচ ধরনের পেশাজীবীর নাম নিচে লেখা হলো:

১. কৃষক ২. জেলে ৩. কামার

৪. কুমার ৫. তাঁতি।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা