
বিশেষ প্রস্তুতি
২১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৬৫ নম্বরের যোগ্যতাভিত্তিক এবং বাকি ৩৫ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৩ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। এ পাতার প্রতিটি লেখা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।
প্রাণিজগত্
[ভূমিকা—বিভিন্ন প্রাণীর বর্ণনা—উপসংহার]
ভূমিকা: পৃথিবীর প্রাণিজগত্ এক বিস্ময়। এই পৃথিবীতে অসংখ্য প্রাণী বাস করে। এদের কেউ বাস করে পানিতে, আবার কেউ বাস করে ডাঙায়। এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে, নিজের কাজে লাগিয়েছে। তবে এদের বেশির ভাগই থেকে গেছে বনজঙ্গলে, পাহাড়-পর্বতে, গভীর অরণ্যে, মরুভূমি ও মেরু অঞ্চলে। এসব প্রাণীর মধ্যে অদ্ভুত ও বিস্ময়কর প্রাণীর সংখ্যাও কম নয়।
হাতি: ডাঙার প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। এরা গভীর জঙ্গলে দল বেঁধে ঘুরে বেড়ায়। হাতির বিশাল দেহের সবচেয়ে অদ্ভুত অঙ্গ হচ্ছে তার শুঁড়। শুঁড় দিয়ে গায়ে
পানি ছিটিয়ে হাতি গোসল সেরে নেয়। এই শুঁড়ের সাহায্যে সে বড় বড় গাছের গুঁড়িও টেনে নিয়ে যেতে পারে। হাতি বনের মধ্যে নিঃশব্দে চলে। হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। বর্তমানে আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি পাওয়া যায়।
গণ্ডার: গণ্ডার কালো রঙের চতুষ্পদ প্রাণী। এর নাকের ওপর একটি শিং থাকে। এই শিং আসলে পুরু লোমের তৈরি। গণ্ডারকে ভীষণ ভয় পায় বনের অন্য সব প্রাণী। গণ্ডারের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। গণ্ডার তার বিরাট শরীর নিয়ে চমত্কার সাঁতার কাটতে পারে। গণ্ডার দাঁড়িয়ে কাত হয়ে বা হাঁটু মুড়ে উপুড় হয়ে ঘুমায়।
জিরাফ: প্রাণিজগতে সবচেয়ে বেশি উচ্চতার প্রাণী হলো জিরাফ। এটি প্রায় ১৮ ফুট উঁচু হয়। এই বিশাল শরীর নিয়ে জিরাফ ঘণ্টায় ৩০ মাইলের বেশি বেগে ছুটতে পারে। জিরাফের গায়ের চামড়ায় অসংখ্য দাগ। এই দাগগুলো তাকে গাছগাছালির সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। এরা পা বাঁকাতে পারে না। আফ্রিকা মহাদেশের এই সুন্দর প্রাণীটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়।
গরিলা: প্রাণিজগতের প্রচণ্ড শক্তিধর এক প্রাণী গরিলা। আফ্রিকার গহিন অরণ্যে এদের বাস। বুনো প্রাণীদের মধ্যে গরিলার পারিবারিক জীবন খুবই সুন্দর। মা-বাবা ও সন্তানদের নিয়ে গরিলার সংসার। এর প্রিয় খাবার হলো গাছের নরম পাতা আর ফলমূল। এরা খুব শান্ত স্বভাবের। নিজে আঘাত না পেলে এরা অন্যকে আঘাত করে না।
উটপাখি: উটপাখি দৈত্য পাখি নামে পরিচিত। এরা খুব জোরে ছুটতে পারে, কিন্তু উড়তে পারে না। ঘণ্টায় এরা ৬০ থেকে ৭০ মাইল বেগে দৌড়াতে পারে। এরা মরুভূমিতে বাস করে। বালু খুঁড়ে বাসা তৈরি করে। উটপাখি সবকিছু খায়। খিদে পেলে সামনে যা পায়, তা-ই খেয়ে থাকে।
ঘড়িয়াল: ঘড়িয়াল আরেক অদ্ভুত প্রাণী। দেখতে অনেকটা কুমিরের মতো হলেও ঘড়িয়ালের মাথা কুমিরের মাথা থেকে চওড়া ও লম্বাটে। ঘড়িয়াল মিঠা পানির প্রাণী। মধ্য ও দক্ষিণ আমেরিকা, চীন ও ভারতে ঘড়িয়াল আছে। বাংলাদেশের যমুনা ও পদ্মায় অল্পসংখ্যক ঘড়িয়ালের দেখা পাওয়া যায়। এরা খুব নিরীহ প্রাণী।
উপসংহার: প্রাণিজগতে বিস্ময় সৃষ্টি করেছে—এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের দেশেও কিছু কিছু জীবজন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আবার কিছু প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব প্রাণীকে বাঁচিয়ে রাখা আমাদের একান্ত কর্তব্য।
স্বেচ্ছাসেবী শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা