রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি। এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।
আমাদের প্রিয় জন্মভূমি/ আমাদের এই দেশ
আমাদের এই বাংলাদেশ/ আমাদের দেশ
[ভূমিকা-সীমারেখা ও আয়তন-জনসংখ্যা-জন্ম-ভাষা-রাজধানী-বিভাগীয় শহর-ভূ প্রকৃতি-প্রাকৃতিক সম্পদ-শিক্ষা-নদনদী-জাতীয় প্রতীক-উপসংহার]

ভূমিকা: প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, পাহাড়, সাগর, অরণ্য আর সবুজ ফসলের মাঠ দেখে আমরা মুগ্ধ হই। ধানের দেশ, পাটের দেশ, গানের দেশ, নদীর দেশ, ষড়ঋতুর দেশ—আমাদের এই বাংলাদেশ।
সীমারেখা ও আয়তন: বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশের পূর্বে ভারতের ত্রিপুরা ও মিয়ানমার,
উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
জনসংখ্যা: বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান পৃথিবীতে অষ্টম।
জন্ম: পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-বঞ্চনার হাত থেকে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের
জন্ম হয়।
ভাষা: বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশের প্রায় সকল লোক এ ভাষায় কথা বলে। এ ছাড়া এ দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের নিজস্ব ভাষা আছে।
রাজধানী: বাংলাদেশের রাজধানী ঢাকা। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত।
বিভাগীয় শহর: বাংলাদেশে মোট আটটি বিভাগীয় শহর রয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
ভূ-প্রকৃতি: বাংলাদেশের প্রায় সবটাই সমতল ভূমি। সিলেটের কিছু অংশ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম প্রভৃতি এলাকা পাহাড়, টিলা ও জঙ্গলে বৈচিত্র্যময়। বাংলাদেশেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার আর রাঙামাটিতে রয়েছে পাহাড়-হ্রদ ও সবুজের বৈচিত্র্য
অর্থনৈতিক অবস্থা: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এর অর্থনীতি কৃষিনির্ভর। তৈরি পোশাক কারখানা ও বিভিন্ন দ্রব্য রপ্তানির মাধ্যমে আমরা বিদেশি মুদ্রা আয় করে থাকি।
প্রাকৃতিক সম্পদ: প্রকৃতি আমাদের পর্যাপ্ত সম্পদ দান করেছে। আমাদের ভূমি নরম ও উর্বর। বিভিন্ন খনিজ সম্পদে আমাদের দেশ অনেক সমৃদ্ধ।
শিক্ষা: দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ দেশের শিক্ষার হার দ্রুত বাড়ছে। এ দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫ ভাগ অক্ষরজ্ঞানসম্পন্ন।
নদ-নদী: বাংলাদেশ মূলত নদীমাতৃক দেশ। ছোট-বড় মিলিয়ে এ দেশে প্রায় ২৩০টি নদ-নদী রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ও ব্রহ্মপুত্র এ দেশের প্রধান নদ-নদী।
জাতীয় প্রতীক: আমাদের দেশের বেশ কিছু জাতীয় প্রতীক রয়েছে। যেমনজাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় পশু বাঘ ও জাতীয় পাখি দোয়েল।
উপসংহার: বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি। অনেক রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের এ দেশ। এ দেশ আমাদের গর্ব,
আমাদের অহংকার।
শিক্ষক,
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা