রচনা লেখো:
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। এ প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি। এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।
আমাদের জাতীয় পতাকা
[ভূমিকা, স্বাধীনতার প্রতীক, পতাকার বিশেষত্ব, পতাকা নির্মাণের নিয়মাবলি, ভবনে ব্যবহারের পতাকা, পতাকার ব্যবহার, উপসংহার।]
ভূমিকা: জাতীয় পতাকা একটি স্বাধীন দেশ ও জাতির মর্যাদার প্রতীক। প্রতিটি স্বাধীন দেশের একটি জাতীয় পতাকা রয়েছে। জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম।
স্বাধীনতার প্রতীক: আমাদের দেশের নাম বাংলাদেশ। এটি একটি স্বাধীন রাষ্ট্র। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। বিশ্বের অন্যান্য জাতির মতো আমাদেরও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে একটি জাতীয় পতাকা রয়েছে।
পতাকার বিশেষত্ব: আমাদের জাতীয় পতাকায় রয়েছে ঘন সবুজ রঙের ওপর উদীয়মান সূর্যের রঙের একটি লাল ভরাট বৃত্ত। সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতিকে বোঝায় এবং লাল ভরাট বৃত্ত রক্তঝরা মুক্তিযুদ্ধের প্রতীক।
পতাকা নির্মাণের নিয়মাবলি: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬। অর্থাত্ দৈর্ঘ্য ৩০৫ সেমি (১০ ফুট)
হলে প্রস্থ ১৮৩ সেমি (৬ ফুট) হবে। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। পতাকার দৈর্ঘ্যের ২০ ভাগের ৯ ভাগে একটি লম্ব (খাড়া সরলরেখা) টানতে হবে। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করে আর একটি রেখা টানতে হবে। এই দুটি রেখার ছেদবিন্দুই হবে
বৃত্তটির কেন্দ্রবিন্দু।
ভবনে ব্যবহারের পতাকা: ভবনের আকার ও আয়তন অনুযায়ী পতাকার মাপ হলো: ৩০৫ সেমি ┤ ১৮৩ সেমি (১র্০ ┤ র্৬), ১৫২ সেমি ┤ ৯১ সেমি (র্৫ ┤ র্৩), ৭৬ সেমি ┤ ৪৬ সেমি (২.৫ ফুট ┤ ১.৫ ফুট)।
পতাকার ব্যবহার: জাতীয় পতাকা ব্যবহারের কিছু নিয়ম আছে। জাতীয় পতাকা ওড়ানোর সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হয়। অন্য সব পতাকার ওপরে জাতীয় পতাকার স্থান থাকতে হবে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়িয়ে অভিবাদন করতে শিক্ষা দেওয়া হয়।
উপসংহার: জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা ও গৌরবের প্রতীক। এর মর্যাদা রক্ষা করা
সবার কর্তব্য।
আমার প্রিয় বই
[ভূমিকা, প্রিয় বইটির সঙ্গে পরিচয়,
ভালো লাগা গল্প, উপসংহার।]
ভূমিকা: বর্ণপরিচয়ের আগে মায়ের কাছে অনেক গল্প শুনেছি। অনেক বইয়ের কাহিনি শুনেছি। পড়তে শেখার পর গল্পের বই পড়া আমার প্রায় প্রতিদিনের অভ্যাসে দাঁড়িয়ে যায়। স্কুলের লেখাপড়া শেষ করে যেটুকু সময় পাই, তা আমি গল্পের বই পড়েই কাটাই। এ পর্যন্ত পড়া আমার প্রিয় বইয়ের তালিকায় সবার ওপরে রয়েছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর টুনটুনির গল্প।
বইটির সঙ্গে পরিচয়: পরীক্ষা শেষে ভাবছিলাম কী করব। ঘরে যা বই আছে, ভূত আর দৈত্য-দানবের কাহিনিভরা সব বই, পড়া হয়ে গেছে। কার্টুনের বই কয়েকটি ছিল, তা-ও পড়া শেষ। এক দুপুরে এমনই ভাবনার সময় আব্বু অফিস থেকে ফিরে এসে আমার হাতে গুঁজে দিলেন ঝকঝকে মলাটের চমত্কার বই টুনটুনির গল্প।
ভালো লাগা গল্প: বইয়ের অনেক গল্পের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ‘টুনটুনি আর বিড়াল’ গল্পটি। যতটুকু মনে পড়ে গল্পটি ছিল এ রকম: এক গৃহস্থের ঘরের পেছনে বেগুনগাছে টুনটুনি পাখি বাসা বেঁধেছে। বাসার ভেতর তিনটি ছোট্ট ছানা হয়েছে। গৃহস্থের বিড়ালটা ছিল ভারি দুষ্টু। সে খালি ভাবে, টুনটুনির ছানা খাব। একদিন সে বেগুনগাছের তলায় এসে বলল, ‘কী করছিস টুনটুনি?’ টুনটুনি মাথা হেঁট করে বিড়ালকে বলল, সালাম মহারানি। বিড়াল খুশি হয়ে চলে গেল। এমনই রোজ আসে বিড়াল। টুনটুনি তাকে সালাম জানায় আর মহারানি বলে। এর মধ্যে টুনটুনির ছানাগুলো বড় হয়েছে। সুন্দর পাখা হয়েছে। একদিন টুনটুনি ছানাদের জিজ্ঞেস করল, বাচ্চা, তোরা উড়তে পারবি? ছানারা বলল, হ্যাঁ মা, পারব। ছানারা তক্ষুনি উড়ে গিয়ে পাশের তালগাছে বসল। টুনটুনি খুশি হয়ে বলল, এবার আসুক দুষ্টু বিড়াল।
একটু পরই বিড়াল এসে আগের মতো জিজ্ঞেস করল, ‘কী করছিস টুনটুনি?’ টুনটুনি তখন পা উঁচিয়ে ‘দূর হ লক্ষ্মীছাড়া বিড়াল’ বলেই ফুড়ুত করে উড়ে পালাল। দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে মুখ উঁচিয়ে লাফিয়ে গাছে উঠে বেগুনের কাঁটার খোঁচা খেয়ে নাকাল হলো। টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পারল না।
উপসংহার: টুনটুনির গল্প বইটি পড়ে যে আনন্দ ও শিক্ষা আমি পেয়েছি, সারা জীবন আমার কাছে তা এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা