
* রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ দুটি রচনার নমুনা দেওয়া হলো।
বাংলাদেশের জাতীয় পাখি/দোয়েল পাখি
[ভূমিকা-আকৃতি-খাবার ও বাসস্থান-প্রকৃতি-বিশেষত্ব-কেন জাতীয় পাখি-উপসংহার]
ভূমিকা
বাংলাদেশ অসংখ্য পাখির সমারোহে সমৃদ্ধ একটি দেশ। যে পাখির গান আর ডালে ডালে নেচে বেড়ানো দেখে মনে চঞ্চলতা জাগে, তার নাম দোয়েল। বাংলাদেশের অতি পরিচিত একটি পাখি। দোয়েল বাংলাদেশে গানের পাখি হিসেবেও স্বীকৃত।
আকৃতি
আকৃতির দিক থেকে দোয়েল পাখি ছোট। এরা সাধারণত পাঁচ-ছয় ইঞ্চি লম্বা হয়। স্ত্রী ও পুরুষ দোয়েল রং, আকার ও চেহারায় আলাদা হয়। পুরুষ দোয়েলের মাথা, ঘাড়, গলা, বুক ও পিঠের পালক চকচকে নীলাভ কালো। নিচের বাকি অংশের পালক সাদা। এদের ডানা কালচে বাদামি রঙের, তার মাঝে পিঠ ঘেঁষে সাদা ছোপ আর টানা দাগ। লেজ লম্বা, সরু থেকে মোটা। লেজে মাঝের দুটো পালক কালো, বাকি অংশ সাদা, এদের চোখ ও ঠোঁট কালো এবং পা গাঢ় সিসা রঙের। স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর । দোয়েল সব সময় তার লেজ উঁচু করে রাখে।
খাবার ও বাসস্থান
পোকামাকড় দোয়েলের প্রধান খাদ্য। আকারে ছোট বলে এদের বেশি খাবারের প্রয়োজন হয় না। দোয়েল শস্যকণা খেয়ে থাকে। এদের শিমুল ও মাদার ফুলের মধু খেতেও দেখা যায়। দোয়েল ঝোপঝাড়ে একাকী বা জোড়াসহ বাসা বেঁধে বাস করে। মানুষের ঘরবাড়ির দেয়াল কিংবা গাছের গুঁড়িতেও বাসা বাঁধে। দোয়েল গাছের ডালে বাসা বাঁধতে পারে না। এরা খড়কুটো বা শুকনো ঘাস জমা করে বাসা তৈরি করে।
প্রকৃতি
দোয়েল চঞ্চল ও অস্থির প্রকৃতির পাখি। নাচের ঢঙে এরা লাফিয়ে চলে। মাটি থেকে ১০ ফুট উচ্চতার ভেতরে এরা অল্প দূরত্বে উড়ে চলে। এদের দীর্ঘক্ষণ শূন্যে উড়তে দেখা যায় না।
বিশেষত্ব
দোয়েলের বিশেষত্ব এর মোহন সুরে ও সংগীতে। আকর্ষণীয় এই আদুরে পাখিটি সুন্দর সুরে গান করে এবং আস্তে আস্তে শিস দেয়। বসন্তকালে এদের নাচ ও গানে মন ভরে ওঠে। এরা আমাদের একান্তই প্রকৃতির গানের পাখি। সারা দিন, এমনকি সন্ধ্যার পরও দোয়েল গান গায়।
কেন জাতীয় পাখি
বাংলার প্রকৃতির সঙ্গে দোয়েলের রূপ, রং, স্বভাব, গান মিশে আছে। দোয়েল তার সহজাত চঞ্চলতায় গাছের ডালে বসে যখন গান করে ও শিস দেয়, তখন প্রকৃতি অপার সৌন্দর্যে ভরে যায়। বাংলাদেশের সুজলা-সুফলা-শস্য-শ্যামলা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলেই দোয়েল আমাদের জাতীয় পাখি।
উপসংহার
বাংলাদেশের সর্বত্র দোয়েল পাখি দেখা যায়। প্রকৃতির প্রতিকূলতা, তাপমাত্রা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্যে যে ক্ষতি হচ্ছে, তা থেকে এ পাখিও রেহাই পাচ্ছে না। দোয়েল তথা সব পাখির জন্ম, বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা