বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু
রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু

রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনার জন্য কিছু ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের জন্য আজ দুটি রচনার নমুনা দেওয়া হলো।

বাংলাদেশের জাতীয় পশু/ রয়েল বেঙ্গল টাইগার

[ভূমিকা-আকৃতি ও সৌন্দর্য-স্বভাব-বাসযোগ্য স্থান-

উল্লেখযোগ্য ভূমিকা-উপসংহার]

ভূমিকা

সুন্দরবন নানা প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল। এটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। রয়েল বেঙ্গল টাইগার এখানকার বন্য প্রাণীর মধ্যে অন্যতম প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু।

আকৃতি ও সৌন্দর্য

রয়েল বেঙ্গল টাইগারের গায়ের বর্ণ গাঢ় হলুদ থেকে লালচে হলুদ এবং তাতে লম্বা কালো ডোরা থাকে। এই ডোরা পেছন দিকে বেশি। পেটের দিকটা সাদাটে। হলুদ রঙের লেজে অনেকগুলো কালো ডোরা কাটা দাগ আর লেজের আগা কালো। কানের পেছন দিকটা কালো রঙের, তাতে একটি স্পষ্ট সাদা দাগ। মাথাসহ বাঘের দৈর্ঘ্য ১৪০ থেকে ২৮০ সেন্টিমিটার, উচ্চতা ৯৫ থেকে ১১০ সেন্টিমিটার। এদের ওজন ১১৫ থেকে ২৮০ কেজি।

স্বভাব

রয়েল বেঙ্গল টাইগার সাধারণত নিঃসঙ্গ। কখনো কখনো জোড়া বেঁধে থাকে। এরা নিশাচর প্রাণী। গরু, মহিষ, হরিণ, বুনো শূকর, সজারু ইত্যাদি শিকার করে খায়। বড় আকারের একটি রয়েল বেঙ্গল টাইগার প্রতিদিন আট থেকে নয় কেজি মাংস খেয়ে থাকে। এরা নিজের দ্বিগুণ বড় জন্তুও শিকার করতে পারে।

বাসযোগ্য স্থান

রয়েল বেঙ্গল টাইগার সহজেই গরম আবহাওয়ায় খাপখাইয়ে নিতে পারে। উষ্ণমণ্ডলীয় অরণ্য, ম্যানগ্রোভ জলাভূমি, পত্রগোচর বন—সর্বত্রই বসবাস করতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল চীন ও পশ্চিম মিয়ানমার এদের আবাসভূমি। একসময় বাংলাদেশের সব বনেই রয়েল বেঙ্গল টাইগার ছিল। এখন শুধু সুন্দরবনেই এরা বসবাস করে।

উল্লেখযোগ্য ভূমিকা

বাংলাদেশের সব বন্য প্রাণীর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার সর্বাধিক গুরুত্বপূর্ণ। রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেলে সুন্দরবনে দর্শনার্থী ও পর্যটকদের চোখ সার্থক হয়। এই প্রাণী আমাদের শক্তি ও সৌন্দর্যের প্রতীক।

উপসংহার

বনাঞ্চল উজাড় হয়ে যাওয়া, খাবারের অভাব, অবৈধ শিকার ও পরিবেশ বিপর্যয়ের কারণে বর্তমানে এই জাতীয় পশু বিপন্নপ্রায় হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার যে বন্য প্রাণী সংরক্ষণ আইন ও বিধিমালা প্রণয়ন করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে প্রাণী সংরক্ষণের প্রতি জনগণের সচেষ্ট হওয়া প্রয়োজন। অবৈধ শিকার বন্ধ করে ও প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করে আমাদের এই জাতীয় পশুসহ সব বন্য প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা  করতে হবে।

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা