বাংলা
পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে। প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এই দিনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকারের পুলিশ গুলি চালায়। সালাম, বরকত, জব্বারসহ আরও অনেক ছাত্র শহিদ হন। তাঁদের আত্মত্যাগ বৃথা যায়নি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির পথ ধরেই ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে আমাদের স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেয়। তখন থেকে বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পৃথিবীর সব মানুষের মাতৃভাষার প্রতি সম্মান জানানো হয় এই দিনে। একুশে ফেব্রুয়ারিতে পৃথিবীর সব মানুষই স্মরণ করে বাংলাদেশের ভাষাশহিদদের। বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি দিনটি সরকারি ছুটির দিন। সবাই বুকে কালো ব্যাজ পরে খালি পায়ে হেঁটে শহিদ মিনারে গভীর শ্রদ্ধার সঙ্গে ফুল দিয়ে থাকেন। ভাষাশহিদদের স্মরণে গাওয়া হয় এই অমর সংগীত—
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।’
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। অনুচ্ছেদটিতে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?
ক. স্বাধীনতা দিবস খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ. বিজয় দিবস ঘ. শহিদ বুদ্ধিজীবী দিবস
২। একুশে ফেব্রুয়ারিতে কালো ব্যাজ ধারণ করা হয়—
ক. ভাষাশহিদদের স্মরণে খ. শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে
গ. শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে
ঘ. দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে
৩। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় সবাই বুকে কোন রঙের ব্যাজ পরিধান করে?
ক. লাল খ. সাদা গ. কালো ঘ. হলুদ
৪। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এ শহিদদের সম্মান জানায়—
ক. ছাত্রছাত্রীরা খ. বাংলাদেশিরা
গ. এশিয়াবাসী ঘ. পৃথিবীর সব মানুষ
৫. নিচের কোনটি সঠিক বানান?
ক. পূষ্পস্তবক খ. পূস্পস্তবক গ. পুষ্পস্তবক ঘ. পুস্পস্তবক
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২. ক. ভাষাশহিদদের স্মরণে ৩. গ. কালো
৪. ঘ. পৃথিবীর সব মানুষ ৫. গ. পুষ্পস্তবক।
৬। ছকে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
দিবস দিন
বিশ্বব্যাপী পৃথিবীজুড়ে
স্মরণ মনে করা
অর্পণ দেওয়া
উত্তোলন ওঠানো
অমর মৃত্যুহীন
ক. আমরা শহিদদের শ্রদ্ধার সঙ্গে — করি।
খ. শহিদ দিবসে কালো পতাকা — করা হয়।
গ. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা—হিসেবে পালিত হয়।
ঘ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — পালিত হয়।
ঙ. শহিদ মিনারে সবাই পুষ্পস্তবক — করে।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. আমরা শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি
খ. শহিদ দিবসে কালো পতাকা উত্তোলন করা হয়।
গ. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
ঘ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী পালিত হয়।
ঙ. শহিদ মিনারে সবাই পুষ্পস্তবক অর্পণ করে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি কীভাবে পালন করা হয়? পাঁচটি বাক্যে লেখো।
খ. ভাষাশহিদদের স্মরণে কোন গান গাওয়া হয়? গানটিকে অমর বলা হয়েছে কেন? চারটি বাক্যে লেখো।
গ. একুশে ফেব্রুয়ারির দিনটি বিশ্বব্যাপী পালিত হওয়ার কারণ কী? পাঁচটি বাক্যে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন।
এ দেশের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের স্মরণে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাষাশহিদদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আয়োজন করা হয় আলোচনা সভা ও বইমেলা। বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
(খ)
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—এই গানটি ভাষাশহিদদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি গাওয়া হয়। শহিদদের স্মরণ করে যুগ যুগ ধরে এই গানটি গাওয়া হবে। শহিদদের অবদান যেমন ভোলার নয়, ঠিক তেমনি এই গানও বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। এই গান একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরির গান। তাই এই গানকে অমর বলা হয়েছে।
(গ)
একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ১৯৫২ সালের পর থেকে ভাষাশহিদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে শহিদ দিবস হিসেবে পালন করা হতো। জাতিসংঘের ইউনেসকো ১৯৯৯ সালে এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করার স্বীকৃতি দেয়। পৃথিবীর সব মানুষ তার নিজ নিজ মাতৃভাষার প্রতি এই দিনে সম্মান জানিয়ে থাকে। মাতৃভাষাকে সম্মান জানাতেই একুশে ফেব্রুয়ারির এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা