
পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের
উত্তর দাও।
লিজা পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে ও তার বন্ধুরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বাগান তৈরি করেছে। এ কাজে শিক্ষক আরিফুল ইসলাম তাদের সহায়তা করেছেন।
বাগানে তারা গোলাপ, বেলি, গন্ধরাজ, হাসনাহেনা প্রভৃতি সুগন্ধি ফুলের গাছ লাগিয়েছে। এ ছাড়া বেগুন, টমেটো, পেঁপে ইত্যাদি সবজির গাছও আছে।
প্রতিদিন টিফিনের সময় তারা গাছে পানি দেয়, আগাছা পরিষ্কার করে। গাছগুলো নিরাপদে বড় হওয়ার জন্য ওরা বাগানের চারপাশে বাঁশের কঞ্চির বেড়াও তৈরি করে। সেই বেড়া দিয়ে ওরা বাগান ঘিরে রাখে।
এই কাজে বিদ্যালয়ের দপ্তরি ইদ্রিস ভাইও সাহায্য
করে থাকেন। সবার পরিচর্যায় একসময় বাগান বিভিন্ন রঙের ফুলে ভরে ওঠে। ফুলের গন্ধে মধু নেওয়ার জন্য মৌমাছি ও ফুলের সৌন্দর্যে বিভিন্ন রঙের প্রজাপতিরা এসে ভিড় করে। হঠাত্ দেখলে মনে হবে বাগানে প্রজাপতির মেলা বসেছে। সবজিগুলোও সবার নজর কাড়ে। সব মিলিয়ে বাগানের সৌন্দর্য তাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. অনুচ্ছেদটিতে মূলত কী সম্পর্কে বলা হয়েছে?
ক. প্রকৃতির রূপ খ. বাগান করা
গ. গ্রামের জীবন ঘ. বাগানের পরিচর্যা
২. পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা টিফিনের সময়ে কী করে?
ক. ফুল তোলে খ. বাগানে খেলাধুলা করে
গ. গাছ লাগায় ঘ. বাগানের পরিচর্যা করে
৩. বাগানে মৌমাছি ভিড় করার কারণ—
ক. ফুলের মধু নেওয়ার জন্য খ. প্রজাপতির মেলা
গ. সবজির রং ঘ. বাগানের সৌন্দর্য
৪. বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়—
ক. আগাছা কাটলে খ. গাছে পানি দিলে
গ. নিয়মিত যত্নে ঘ. বেশি করে গাছ লাগালে
৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. প্রযাপতি খ. প্রজাপতি
গ. প্রজাফতি ঘ. প্রঝাপতী
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. খ. বাগান করা, ২. ঘ. বাগানের পরিচর্যা করে,
৩. ক. ফুলের মধু নেওয়ার জন্য, ৪. গ. নিয়মিত যত্নে,
৫. খ. প্রজাপতি।
৬। নিচের ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
প্রাঙ্গণ উঠান/আঙিনা
সহায়তা সাহায্য
বন্ধু অতি আপনজন/সহপাঠী
আগাছা অপ্রয়োজনীয় গাছ
নজর দৃষ্টি
পরিচর্যা যত্ন
ক. সীমা তার মাকে রান্নায় — করে।
খ. রাতের তারা সবার — কাড়ে।
গ. একজন প্রকৃত — সুখে-দুঃখে পাশে থাকে।
ঘ. বিদ্যালয় — সবুজ ঘাসে ভরে উঠেছে।
ঙ. বাগানের — তুলে ফেলতে হয়।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. সীমা তার মাকে রান্নায় সহায়তা করে।
খ. রাতের তারা সবার নজর কাড়ে।
গ. একজন প্রকৃত বন্ধু সুখে-দুঃখে পাশে থাকে।
ঘ. বিদ্যালয় প্রাঙ্গণ সবুজ ঘাসে ভরে উঠেছে।
ঙ. বাগানের আগাছা তুলে ফেলতে হয়।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বাগান করা কী ধরনের কাজ? বাগান কীভাবে দৃষ্টিনন্দন করা যায়? কীভাবে বাগানের পরিচর্যা করতে হয়, তা তিনটি বাক্যে লেখো।
খ. কীভাবে বাগান সমৃদ্ধ করা যায়? বাগানের সৌন্দর্য বাড়ানোর তিনটি উপায় লেখো।
গ. বাগান করে কী কী উপকার পাওয়া যায়, পাঁচটি
বাক্যে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
বাগান করা একটি শখের কাজ। বাগানে অনেক রকম ফুল ও সবজির গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করা হয়। বাগানের সৌন্দর্য উপভোগ করতে হলে বাগানের পরিচর্যা করা একান্ত দরকার। বাগানের গাছগুলোতে নিয়মিত পানি দিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয়।
(খ)
নতুন নতুন গাছ লাগিয়ে বাগান সমৃদ্ধ করা যায়। নানা রঙের নানা বর্ণের ফুল, ফল ও সবজি গাছ লাগিয়ে বাগান সাজানো যায়। আগাছা পরিষ্কার করে নিয়মিত পানি দিলে বাগানের গাছ সতেজ থাকে। সর্বোপরি নিয়মিত পরিচর্যার মধ্য দিয়ে বাগানের সৌন্দর্য
বাড়ানো যায়।
(গ)
বাগান করে অনেক উপকার পাওয়া যায়। অবসর সময়গুলো বাগানের সৌন্দর্য উপভোগ করে কাটানো যায়। বাসা-বাড়ির সামনে বাগান থাকলে বাড়ির সৌন্দর্য বাড়ে ও রুচির পরিচয় পাওয়া যায়। বাগানের গাছগাছালি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। মন প্রফুল্ল রাখে ও কাজের আগ্রহ বাড়ায়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা