
পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের
উত্তর দাও।
যোগাযোগ হলো কাউকে কোনো কিছু জানানোর প্রক্রিয়া বা উপায়। যোগাযোগ ছাড়া মানুষ আজ একমুহূর্তও চলতে পারে না। প্রাচীনকালে যোগাযোগমাধ্যমগুলো বর্তমানের মতো সহজ ছিল না। সে সময় মানুষ হাত নেড়ে চিত্কার করে, ঢাকঢোল বাজিয়ে, আগুন বা ধোঁয়া ব্যবহার করে যোগাযোগ করত। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যোগাযোগব্যবস্থারও পরিবর্তন হয়েছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলোর প্রভূত উন্নতি সাধিত হয়েছে। যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে রেডিও উদ্ভাবনের মাধ্যমে। যোগাযোগব্যবস্থায় সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটি বিশ্বব্যাপী যোগাযোগের একটি বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটারের সঙ্গে যুক্ত। ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞানসম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
এখান থেকে যেকোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ করা যায়।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. অনুচ্ছেদটি যে বিষয় নিয়ে লেখা —
ক. যোগাযোগ খ. কম্পিউটার গ. ইন্টারনেট ঘ. প্রযুক্তি
২. যোগাযোগ বলতে কী বোঝো?
ক. রেডিওর খবর
খ. কারও খবর নেওয়া
গ. কাউকে কোনো কিছু জানানোর প্রক্রিয়া
ঘ. পত্রপত্রিকা
৩. মানুষ একমুহূর্তও চলতে পারে না —
ক. খাদ্য ছাড়া খ. পানি ছাড়া
গ. বন্ধু ছাড়া ঘ. যোগাযোগ ছাড়া
৪. প্রাচীনকালে যোগাযোগের মাধ্যমগুলো —
ক. সহজ ছিল না খ. কঠিন ছিল না
গ. ভালো ছিল না ঘ. সুবিধাজনক ছিল না
৫. যোগাযোগের সর্বশেষ সংযোগ কোনটি?
ক. টেলিফোন খ. ইন্টারনেট গ. মোবাইল ঘ. টেলিগ্রাফ
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. ক. যোগাযোগ ২. গ. কাউকে কোনো কিছু জানানোর প্রক্রিয়া ৩. ঘ. যোগাযোগ ছাড়া ৪. ক. সহজ ছিল না
৫. খ. ইন্টারনেট।
৬। নিচের ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
প্রাচীনকালের বহুকাল পূর্বের
বাজিয়ে আওয়াজ করে
যোগাযোগ কাউকে কিছু জানানোর প্রক্রিয়া
নেটওয়ার্ক যোগাযোগের ধারাবাহিকতা
সভ্যতার উত্কর্ষের
ক. — হলো কাউকে কোনো কিছু জানানোর উপায়।
খ. — যোগাযোগের মাধ্যমগুলো সহজ ছিল না।
গ. সেকালে মানুষ ঢাকঢোল — যোগাযোগ করত।
ঘ. আমাদের দেশে প্রাচীন — অনেক নিদর্শন রয়েছে।
ঙ. বিশ্বব্যাপী যোগাযোগের একটি বিশাল — হলো ইন্টারনেট।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. যোগাযোগ হলো কাউকে কোনো কিছু জানানোর উপায়।
খ. প্রাচীনকালে যোগাযোগের মাধ্যমগুলো সহজ ছিল না।
গ. সেকালে মানুষ ঢাকঢোল বাজিয়ে যোগাযোগ করত।
ঘ. আমাদের দেশে প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন রয়েছে।
ঙ. বিশ্বব্যাপী যোগাযোগের একটি বিশাল নেটওয়ার্ক হলো ইন্টারনেট।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. যোগাযোগ বলতে কী বোঝো? যোগাযোগের চারটি মাধ্যম লেখো।
খ. দূরের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে আমরা কীভাবে যোগাযোগ করতে পারি, তা পাঁচটি
বাক্যে লেখো।
গ. যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যোগাযোগব্যবস্থার কী কী পরিবর্তন সাধিত হয়েছে, পাঁচটি বাক্যে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
যোগাযোগ বলতে কাউকে কোনো কিছু জানানোর প্রক্রিয়াকে বোঝায়। যোগাযোগের চারটি মাধ্যম হলো— ১. মুঠোফোন ২. ল্যান্ডফোন ৩. ইন্টারনেট ৪. টেলিগ্রাফ
(খ)
দূরের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে আমরা টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারি। প্রাচীনকালে এত সহজে যোগাযোগ করা যেত না। তখন হাত নেড়ে, চিত্কার করে, ঢাকঢোল বাজিয়ে কিংবা আগুন জ্বালিয়ে যোগাযোগ করা হতো। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে এখন আমরা মুহূর্তেই যোগাযোগ করতে পারি।
(গ)
যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যোগাযোগব্যবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো মানুষ এখন আর চিত্কার করে, ঢাকঢোল বাজিয়ে যোগাযোগ করে না। বর্তমান বিজ্ঞানের যুগে যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে রেডিওর মাধ্যমে। রেডিও ছাড়াও মানুষ এখন টেলিভিশন, টেলিফোন, মুঠোফোনের মাধ্যমে একমুখী ও বহুমুখী যোগাযোগ স্থাপন করতে পারছে। বিশ্বব্যাপী যোগাযোগের বিশাল নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে ইন্টারনেট।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা