
* পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক
প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেসব কায়দাকানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কী, তাড়া খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কী বিশাল শরীর। পাগুলো বটপাকুড়গাছের মতো মোটা। শুঁড় এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। মেজাজটাও দারুণ তিরিক্ষি। তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয় গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে—সবাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কী তুলকালাম কাণ্ড। খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুংকার। থরথর করে কেঁপে উঠল পুরো বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল। মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর, গুবরে পোকার দল; তারা বুঝতে চাইল, কী এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল মেদিনী?
হাতিটা এমন ভাব করতে শুরু করল, সে-ই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা সেও হাতিটার ধারেকাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত। কখন জানি কী হয়! একবার তো কী জানি কী হয়েছে। নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়া পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মাড়াত না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এ নিয়ে বনের কারও মনে শান্তি নেই।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। প্রদত্ত অনুচ্ছেদটি কোন গল্প থেকে নেওয়া?
ক. হাতি আর খরগোশের গল্প
খ. হাতি আর শেয়ালের গল্প
গ. শেয়াল আর বাঘ মামা
ঘ. সিংহ আর ইঁদুরের গল্প
২। তাড়া খেয়ে বনে ঢুকে পড়ল কে?
ক. সিংহ খ. বাঘ গ. হাতি ঘ. শেয়াল
৩। কোনটি গুরুগম্ভীর চালের কেশর দোলানো প্রাণী?
ক. গন্ডার খ. জিরাফ গ. বাঘ ঘ. সিংহ
৪। হঠাত্ করে মেদিনী কেঁপে উঠল কেন?
ক. সিংহের গর্জনে খ. হাতির হুংকারে
গ. পাখির কলরবে ঘ. বাঘের হুংকারে
৫। মাটির তলায় লুকিয়েছিল কারা?
ক. ইঁদুর ও গুবরে পোকার দল
খ. শেয়াল ও খরগোশ গ. পিঁপড়া ও ইঁদুর
ঘ. গুবরে পোকা আর শেয়াল
২। নিচের শব্দগুলোর অর্থ লেখো।
তিরিক্ষি, হুংকার, তটস্থ, মেদিনী, শঙ্কিত
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. অমিত শক্তিধর কাকে বলা হয়েছে?
খ. হাতির অহংকার কী নিয়ে?
গ. হাতির অত্যাচারের দুটি দৃষ্টান্ত দাও।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো:
১ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. হাতি আর শেয়ালের গল্প
২. গ. হাতি
৩. ঘ. সিংহ
৪. খ. হাতির হুংকারে
৫. ক. ইঁদুর ও গুবরে পোকার দল
২ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত শব্দ অর্থ
তিরিক্ষি খারাপ মেজাজ
হুংকার চিত্কার
তটস্থ ব্যতিব্যস্ত
মেদিনী ভূপৃষ্ঠ, পৃথিবী
শঙ্কিত ভীত
৩ নম্বর প্রশ্নের উত্তর
ক. গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে।
খ. হাতির বিশাল শরীর। পাগুলো বটপাকুড়গাছের মতো মোটা। আকাশছোঁয়া লম্বা শুঁড়। আর গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই হাতির যত অহংকার।
গ. হাতির অত্যাচারের দুটি দৃষ্টান্ত নিচে দেওয়া হলো—
১. একবার নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিয়েছিল।
২. আরেকবার ছোট্ট একটা পিঁপড়া পায়ের তলায় পিষে মেরে ফেলেছিল।
৪ নম্বর প্রশ্নের উত্তর
অনুচ্ছেদটির মূলভাব নিচে লেখা হলো:
কোনো এক বনে পাখি আর প্রাণীদের দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। এই শান্তিপ্রিয় বনের পাখি আর প্রাণীদের জীবনে একদিন অশান্তি নেমে এল। তাড়া খাওয়া এক হাতি বনে ঢুকে হঠাত্ তুলকালাম বাধায়। হাতির অত্যাচারে বনের পশুপাখি ভীতসন্তস্ত্র হয়ে পড়ে। অহংকারী হাতির অত্যাচারের জন্য বনের কারও মনে শান্তি ছিল না।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা