বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক
প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের অনুচ্ছেদভিত্তিক।

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
বাংলাদেশের প্রায় সব লোক বাংলায় কথা বলে। আমরা বাঙালি। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গ্যা ইত্যাদি। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এ দেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এ রকম খুব কম দেশেই আছে। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার অফিস-আদালতে কাজ করে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। সাঁওতাল ও রাজবংশীদের বসবাস—
ক. সিলেট খ. চট্টগ্রাম
গ. রাজশাহী আর জামালপুরে ঘ. রংপুর ও দিনাজপুরে
২। আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য, তেমনি রয়েছে—
ক. মানুষ ও ভাষার বৈচিত্র্য খ. পোশাকের বৈচিত্র্য
গ. আচরণের বৈচিত্র্য ঘ. খাবারের বৈচিত্র্য
৩। আমাদের দেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে—
ক. বগুড়ায় খ. ভাটি অঞ্চলে
গ. পার্বত্য জেলাগুলোতে ঘ. শুধু চট্টগ্রামে
৪। বাংলাদেশের মানুষ মিলেমিশে আছে—
ক. যুগ যুগ ধরে খ. হাজার হাজার বছর ধরে
গ. শতাব্দীর পর শতাব্দী ঘ. শত বছর ধরে
৫। ‘বন্ধু’ শব্দটির বিপরীত শব্দ—
ক. মিত্র খ. শত্রু গ. সহপাঠী ঘ. সহযোগী
২। নিচের শব্দগুলোর অর্থ লেখো।
প্রকৃতি, বৈচিত্র্য, পার্বত্য, গৌরব, পরস্পর
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বাংলাদেশের কোন জেলাগুলোতে ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে?
খ. বাংলাদেশের কারা যুগ যুগ ধরে মিলেমিশে আছে?
গ. পেশাজীবীরা কীভাবে বাংলাদেশকে গড়ে তুলছে?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।

১ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. রাজশাহী আর জামালপুরে, ২. ক. মানুষ ও ভাষার বৈচিত্র্য, ৩. গ. পার্বত্য জেলাগুলোতে,
৪. ক. যুগ যুগ ধরে, ৫. খ. শত্রু
২ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত শব্দ অর্থ
প্রকৃতি নিসর্গ
বৈচিত্র্য বিভিন্নতা
পার্বত্য পাহাড়ি অঞ্চল
গৌরব গর্ব
৩ নম্বর প্রশ্নের উত্তর
ক.
বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে।
খ.
বাংলাদেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান। এরা সবাই যুগ যুগ ধরে মিলেমিশে আছে।
গ.
আমাদের বাংলাদেশে অনেক ধরনের পেশাজীবী রয়েছে। তাদের মধ্যে কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, আবার কেউ কাজ করে অফিস-আদালতে। তারা সবাই পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে অন্যজনকে সাহায্য করছে। আর এভাবেই পেশাজীবীরা গড়ে তুলছে এই দেশ।
৪ নম্বর প্রশ্নের উত্তর
প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব নিচে লেখা হলো:
প্রাকৃতিক বৈচিত্র্যের মতোই আমাদের বাংলাদেশে রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশে বাঙালি ছাড়াও রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন ও পেশাজীবী। তাদের ভাষা ও পেশায়ও রয়েছে বিভিন্নতা। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব, সবাই সবার বন্ধু, আপনজন।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা